
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে চায়।
বিগত ১৭ বছর ফ্যাসিবাদী সরকারের অনিহা আর অবহেলার কারণে দেশের ক্রীড়াঙ্গন ধ্বংস হয়ে গিয়েছিল। সবগুলো স্টেডিয়াম জরাজীর্ণ অবস্থায় রয়েছে। দেশে ক্রীড়া ক্ষেত্রে অসাধারণ প্রতিভা থাকা সত্বেও উন্নত মানের খেলোয়াড় তৈরি হওয়ার সুযোগ সৃষ্টি হয়নি।
প্রতিমন্ত্রী আজ মঙ্গলবার বিকেল ৪টায় নওগাঁয় জেলা প্রশাসক আন্ত:উপজেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে এসব কথা বলেছেন।
নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য মোঃ জাহিদুল ইসলাম ধলু, নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান, নওগাঁ-৪ আসনের সংসদ সদস্য ডা: ইকরামুল বারী টিপু।
এছাড়া অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আবু বকর সিদ্দিক নান্নু, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন সহ জেলা পর্যায়ের সকল কর্মকর্তা, সকল উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী আরও বলেন আমরা খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি। কারণ আমরা বিশ্বাস করি মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, দূর্নীতি মুক্ত রাষ্ট্র গঠন করতে হলে খেলাধুলার সম্প্রসারণের কোন বিকল্প নাই। ক্রীড়াঙ্গনের উন্নয়নের মাধ্যমে সামাজিক বিপ্লব ঘটিয়ে মাদকমুক্ত সুস্থ্য জাতি গঠন করার লক্ষ্যে সরকার কাজ করছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী দল-মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ করে একটি সুন্দর ও মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। ‘সবার আগে বাংলাদেশ এবং সবার জন্য বাংলাদেশ’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে যখন দেশ এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই স্বৈরাচারের কিছু প্রেতাত্মা সমাজের ভেতরে নানা ধরনের বিশৃঙ্খলা তৈরির অপচেষ্টা চালাচ্ছে।
এ বিষয়ে সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, পুলিশ প্রশাসনসহ সাধারণ জনগণকে ঐক্যবদ্ধ হয়ে এসব স্বৈরাচারী চক্রের বিরুদ্ধে কঠোরভাবে রুখে দাঁড়াতে হবে।
দীর্ঘদিন পর এমন একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজনকে ঘিরে নওগাঁ উৎসবের শহরে পরিনত হয়। দুপুরের পর থেকে শহরের বিভিন্ন মহল্লা এমনকি শহরের পাশ্ববর্তী গ্রামগুলো থেকে হাজার হাজার ফুটবলপ্রেমী দর্শক স্টেডিয়ামে আসতে শুরু করে। বিকেলের মধ্যে পুরো স্টেডিয়াম পূর্ণ হয়ে যায়।
এই টুর্নামেন্টে নওগাঁ জেলার ১১টি উপজেলা ও ১টি পৌরসভাসহ মোট ১২টি ফুটবল দল অংশ নিচ্ছে।
উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করে মান্দা উপজেলা এবং রানীনগর উপজেলা দল। ম্যাচে রানীনগর উপজেলা দল ২-১ গোলে মান্দা উপজেলা দলকে পরাজিত করে।
বাংলাদেশ সময়: ২৩:২০:৩৭ ৩ বার পঠিত