
সারাদেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে ৫৫তম জাতীয় সমবায় দিবস। রবিবার (৮ নভেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসন ও সমবায় বিভাগের যৌথ আয়োজনে সুর সম্রাট আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এবং সমবায় অফিসের সহকারী পরিদর্শক রফিকুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. গিয়াস উদ্দিন।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিআরডিবির উপপরিচালক বেলাল হোসেন, জেলা পুলিশ সুপার কার্যালয়ের পরিদর্শক মো. সাইফুল ইসলাম, কেন্দ্রীয় সমবায় ব্যাংকের চেয়ারম্যান ভিপি জহিরুল হক চৌধুরী লিটন, সদর উপজেলা বিআরডিবির চেয়ারম্যান আলী আজম, জেলা সমবায় সমিতির সভাপতি আবু হানিফ, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. রায়হান উদ্দিন এবং ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লাসহ অনেকে।
বক্তারা বলেন, সমবায় সমিতির সম্মিলিত প্রচেষ্টা আর্থসামাজিক উন্নয়ন ও স্বাবলম্বিতা অর্জনের একটি কার্যকর মাধ্যম। ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় একত্রিত করে সমবায়ের মাধ্যমে কৃষি, মৎস্য, পশুপালন, ক্ষুদ্র ব্যবসা ও শিল্পের বিকাশ ঘটানো সম্ভব। বিশেষ করে গ্রামীণ জনপদের অর্থনীতি শক্তিশালী করা, নারীর ক্ষমতায়ন, তরুণ উদ্যোক্তা তৈরি এবং কর্মসংস্থান সৃষ্টিতে সমবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বক্তারা আরও উল্লেখ করেন, সমবায়ের এই সম্ভাবনাকে কাজে লাগাতে হলে সমিতিগুলোকে স্বচ্ছতা, জবাবদিহিতা ও গণতান্ত্রিক ব্যবস্থাপনার আওতায় পরিচালনা করতে হবে। অনেক ক্ষেত্রে সমিতির কার্যক্রম কাগজে-কলমে সীমাবদ্ধ থাকা, নিয়মিত নির্বাচন ও বার্ষিক সাধারণ সভা না হওয়া, হিসাব-নিকাশে স্বচ্ছতার অভাব এবং সদস্যদের সঞ্চয়ের অর্থ ফেরত না পাওয়ার মতো অভিযোগ রয়েছে। এসব অনিয়ম দূর করতে সমবায় অধিদপ্তরের নিয়মিত তদারকি, নিরীক্ষা ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। সমবায়ের সুফল যেন প্রকৃত সদস্য ও সাধারণ মানুষের কাছে পৌঁছায়, সে লক্ষ্যে সরকারি-বেসরকারি উদ্যোগ এবং সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। তাহলেই দেশের অর্থনৈতিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন ও স্বনির্ভর সমাজ গঠনে সমবায় আন্দোলন কার্যকর ভূমিকা রাখতে পারবে।
অনুষ্ঠানে জেলা ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন সমবায় সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৫:২৯:১০ ৪ বার পঠিত #ব্রাহ্মণবাড়িয়া #সমবায় বিভাগ #৫৫তম জাতীয় সমবায় দিবস