আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেবে না দেশের মানুষ: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম পাতা » চট্টগ্রাম » আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেবে না দেশের মানুষ: স্বরাষ্ট্রমন্ত্রী
শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬



আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেবে না দেশের মানুষ: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, স্বৈরাচারী, ফ্যাসিবাদী ও খুনি আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করার সুযোগ দেবে না দেশের মানুষ। যারা মানুষ হত্যা করেছে, গণহত্যা চালিয়েছে, জুলুম-নির্যাতন করেছে, তারপরও ক্ষমা চায়নি বা অনুশোচনা করেনি—সেই দলকে (আওয়ামী লীগ) এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না।

শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ির বাবুনগর মাদরাসার ১০৪তম দুই দিনব্যাপী বার্ষিক মাহফিলের সমাপনী দিনে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ফ্যাসিবাদ-পরবর্তী নির্বাচনের আগে এবং আন্দোলনের সময় হেফাজতে ইসলাম বাংলাদেশ অরাজনৈতিক সংগঠন হওয়া সত্ত্বেও দ্বীনের পক্ষে, দেশের পক্ষে এবং ফ্যাসিবাদী, ইসলামবিদ্বেষী অবৈধ সরকারের বিরুদ্ধে যে প্রতিবাদ জারি রেখেছিল, তার নেতৃত্ব দিয়েছিলেন আমিরে হেফাজত হজরত মাওলানা মহিবুল্লাহ বাবুনগরী।

তিনি বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা অর্জনে ২৩ বছর লেগেছে। ফ্যাসিবাদী, ইসলামবিদ্বেষী ও আলেমবিদ্বেষী সরকারের হাত থেকে এ দেশের জনগণকে উদ্ধার করতে ১৬-১৭ বছর লেগেছে।

আলেম-ওলামা এবং ছাত্রসমাজের কত শহীদ হয়েছেন, সেই শহীদদের নাম এখনো সবাই জানে না। কবরের ঠিকানা জানি না। এত রক্তদানের মধ্য দিয়ে আমরা ইসলামবিদ্বেষী সরকারের হাত থেকে মুক্ত হয়েছি।’

সালাহউদ্দিন আহমেদ বলেন, জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে জাতিসংঘের হিসাব অনুযায়ী ১ হাজার ৪০০ মানুষকে শহীদ হতে হয়েছে।

এর আগে বিগত ১৬-১৭ বছরে ফ্যাসিবাদীদের সময়ে প্রায় ৩ হাজার মানুষ গুমের শিকার হয়েছেন। আমিও তাদের মধ্যে একজন ছিলাম। রব্বুল আলামিন আমার হায়াত রেখেছেন। আমি বেঁচে আছি আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে। প্রায় ৭ হাজার মানুষ বিভিন্নভাবে হত্যাযজ্ঞের শিকার হয়েছেন, নির্যাতিত হয়েছেন।

লাখ লাখ মানুষ হামলা-মামলায় নিপীড়িত হয়েছেন। আমরা কি আবার সেই ফ্যাসিবাদীদের পুনরাগমন চাই? তাহলে সেই ক্ষেত্র আজ কারা তৈরি করে দিচ্ছে?

তিনি বলেন, যারা গার্মেন্টসে অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করছে, তাদের পেছনে সেই ফ্যাসিবাদী শক্তির হাত আছে।

তিনি আরও বলেন, এ দেশে দুষ্কৃতকারী আছে, যারা ইসলামের নাম বিক্রি করে রাজনীতি করছে। অথচ তাদের নির্বাচনী ইশতেহারে ইসলামের ধারে-কাছেও কিছু নেই। যারা নিজেদের ইসলামী দল বলে ঘোষণা করছে, তাদের দলীয় ম্যানিফেস্টো থেকে ‘আকিমুদ্দিন’ বাদ দেওয়া হয়েছে। তারা মুখে এক কথা বলে, কিন্তু তাদের দলিলে কী প্রমাণ আছে, সেটা বলে না।

সালাহউদ্দিন আহমেদ বলেন, তারা কখনো তাদের ইশতেহারে বলেনি যে, তারা ইসলামী শাসন চায়। তারা কখনো বলেনি, তারা এ দেশে শরিয়াভিত্তিক আইন-কানুন চায় বা শরিয়া চালু করতে চায়। বরং উল্টো বলেছে, তারা শরিয়াভিত্তিক শাসনের বিপক্ষে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা ইসলামী মূল্যবোধে বিশ্বাস করি। আমরা ‘বিসমিল্লাহ’ সংযোজন করেছি, কোরআন পাঠ করেছি। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জাতীয়তাবাদী ইসলামী মূল্যবোধের রাজনীতি প্রতিষ্ঠা করেছি। আমরা এ দেশের সব জনগোষ্ঠীকে নিয়ে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ সৃষ্টি করেছি, যেখানে আমাদের সবারই একটি জাতীয় পরিচয় আছে।

তিনি বলেন, এ দেশে আমরা কখনো জাতির মধ্যে বিভেদ দেখতে চাই না। যারা ধর্মের নাম বিক্রি করে রাজনীতি করছে, তাদের কার্যক্রমে ধর্মীয় কোনো প্রতিফলন নেই। তারা কেবলই এ দেশে বিভক্তির সৃষ্টি করছে। স্বাধীনতার পূর্ব থেকে স্বাধীনতার পর পর্যন্ত তারা বিভ্রান্তিমূলক রাজনীতি করে এ দেশে অস্থিরতা সৃষ্টি করেছে। আবার তারা সেই পথেই গেছে।

বাবুনগর মাদরাসার পরিচালক ও হেফাজত আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন ধর্মপ্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন, সংসদ সদস্য সরওয়ার আলমগীর, গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, হুমাম কাদের চৌধুরী, চট্টগ্রাম জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম ও দেশের শীর্ষ আলেম-ওলামারা।

বাংলাদেশ সময়: ১৬:৩০:৪১   ৪২ বার পঠিত   #  #  #  #







চট্টগ্রাম’র আরও খবর


জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় জিয়াউর রহমানের আদর্শ অনুসরণের আহ্বান কৃষিমন্ত্রীর
আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেবে না দেশের মানুষ: স্বরাষ্ট্রমন্ত্রী
৭ নভেম্বরের চেতনা গণতন্ত্র ও স্বাধীন মতপ্রকাশের অধিকার নিশ্চিত করেছে : রিজভী
মুক্তিযুদ্ধের পর এবার জুলাই চেতনা নিয়ে ব্যবসা করছে একটি দল : ধর্মমন্ত্রী
চাঁদপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
মাদকাসক্তি প্রতিরোধে খেলাধুলার কোনো বিকল্প নেই : শিক্ষামন্ত্রী
অবহেলিত-অধিকার বঞ্চিত শিশুদের পুনর্বাসন করাই আমাদের লক্ষ্য: সমাজকল্যাণ মন্ত্রী
বিদেশি বিনিয়োগ আকর্ষণে ব্যবসাবান্ধব পরিবেশ জরুরি: মার্কিন রাষ্ট্রদূত
সড়ক দুর্ঘটনা রোধে সমন্বিত ও সামাজিক উদ্যোগের আহ্বান ভূমি প্রতিমন্ত্রীর
রোগী পরিবহনের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গঠনের পরিকল্পনা করছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ