শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

নিরাপদ রোহিঙ্গা প্রত্যাবাসনে ১২-১৮ মাসের লক্ষ্য ঢাকার

প্রথম পাতা » ছবি গ্যালারী » নিরাপদ রোহিঙ্গা প্রত্যাবাসনে ১২-১৮ মাসের লক্ষ্য ঢাকার
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬



---

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, আগামী ১২ থেকে ১৮ মাসের মধ্যে রোহিঙ্গাদের নিরাপদে মিয়ানমারে ফেরার পথ সুগম করতে জাতিসংঘ ও দ্বিপক্ষীয় অংশীদারদের সঙ্গে আলোচনা জোরদার করবে বাংলাদেশ।

রোহিঙ্গা গণহত্যা নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ের পর আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তিনি বলেন, আগামী এক থেকে দেড় বছরের মধ্যে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে বাংলাদেশ জোরালোভাবে আলোচনা চালিয়ে যাবে।

হুমায়ুন কবির বলেন, এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন এবং ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর ক্ষতিপূরণের দাবি জানানোর ক্ষেত্রে বাংলাদেশকে শক্তিশালী আইনি ভিত্তি দিয়েছে।

বাংলাদেশ কীভাবে প্রত্যাবাসন প্রক্রিয়া ত্বরান্বিত করবে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি এই সময়সীমার কথা জানান।

তিনি বলেন, রোহিঙ্গাদের প্রত্যাবাসন নির্ভর করবে মিয়ানমারের রাখাইন রাজ্যে প্রয়োজনীয় সুরক্ষা নিশ্চিত করার ওপর। এর মাধ্যমে তারা নিরাপদে নিজেদের বাড়িতে ফিরে নতুন করে জীবন গড়তে পারবে। নিরাপদ প্রত্যাবাসনের উপযোগী পরিবেশ তৈরিতে বাংলাদেশ জাতিসংঘের বিভিন্ন সংস্থা, গুরুত্বপূর্ণ আঞ্চলিক অংশীদার ও অন্যান্য সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে কাজ করবে।

লিখিত বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘস্থায়ী এই সংকটের একমাত্র কার্যকর সমাধান হলো দ্রুত ও টেকসই প্রত্যাবাসন।

তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্ত রোহিঙ্গা জনগোষ্ঠী যাতে ক্ষতিপূরণ পায়, তা নিশ্চিত করতে বাংলাদেশ জাতিসংঘের মাধ্যমে এবং দ্বিপক্ষীয় অংশীদারদের সঙ্গে সমন্বয় করে কাজ করবে।

ক্ষতিপূরণ নির্ধারণে মিয়ানমারের সঙ্গে কোনো দ্বিপক্ষীয় প্রক্রিয়ায় যাওয়া হবে কি না, জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, শুধু দ্বিপক্ষীয় প্রচেষ্টায় প্রয়োজনীয় ক্ষতিপূরণ আদায় সম্ভব নয়। এ প্রক্রিয়ায় একাধিক দেশ ও সংস্থার সম্পৃক্ততা প্রয়োজন।

তিনি বলেন, হারানো জীবন কিংবা স্বজনহারা পরিবারের বেদনা কোনো আর্থিক ক্ষতিপূরণের মাধ্যমে কখনো পূরণ করা সম্ভব নয়।

তবে মিয়ানমারকে ক্ষতিপূরণ দিতে এবং এ ধরনের অন্যান্য পদক্ষেপ নিতে রাজি করানোর চেষ্টা করবে বাংলাদেশ। এসব পদক্ষেপ বেঁচে থাকা পরিবারগুলোকে নিজ দেশে ফিরে নতুন করে জীবন গড়তে সহায়তা করবে বলেও জানান তিনি।

হুমায়ুন কবির বলেন, এই মামলার অন্যতম পক্ষ গাম্বিয়া যদি বিষয়টি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্থাপন করে, তাহলে জাতিসংঘের কাঠামোর মধ্যেই ক্ষতিপূরণের বিষয়টি কার্যকর করতে বাংলাদেশ কাজ করবে।

রাখাইনে আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের বিষয়ে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে কোনো প্রস্তাব দেবে কি না, জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, বিষয়টি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্থাপিত হলে ঢাকা জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও দ্বিপক্ষীয় অংশীদারদের সঙ্গে আলোচনা করবে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের প্রস্তাব দেওয়ার কোনো প্রতিশ্রুতি তিনি দেননি।

তিনি জানান, আইসিজে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালানোর জন্য মিয়ানমারকে দোষী সাব্যস্ত করেছে। একই সঙ্গে আদালতের ইতিহাসে এটিই প্রথম রায়, যেখানে কোনো রাষ্ট্রকে গণহত্যার জন্য দায়ী করা হয়েছে।

প্রতিমন্ত্রী উল্লেখ করেন, আদালত রোহিঙ্গাদের একটি স্বতন্ত্র জাতিগোষ্ঠী হিসেবে স্বীকৃতি দিয়েছে। তাদের নিজস্ব ভাষা, সংস্কৃতি ও পরিচয় রয়েছে। আদালত আরও বলেছে, কয়েক দশক ধরে বৈষম্যমূলক আইন, বিভিন্ন বিধিনিষেধ ও বিদ্বেষমূলক প্রচারণার মাধ্যমে রোহিঙ্গাদের অধিকার ক্রমাগত সংকুচিত করা হয়েছে।

হুমায়ুন কবির জানান, আদালত পর্যবেক্ষণ করেছে, নিরাপত্তা বাহিনীর পাশাপাশি সক্রিয় ব্যক্তিদের গণহত্যামূলক কর্মকাণ্ড প্রতিরোধে মিয়ানমার ব্যর্থ হয়েছে। এ ছাড়া ২০২০ সালে অন্তর্বর্তী ব্যবস্থা নিয়ে আদালতের দেওয়া আদেশ অনুযায়ী গণহত্যার প্রমাণ সংরক্ষণেও দেশটি ব্যর্থ হয়েছে।

তিনি বলেন, আদালত মিয়ানমারকে গণহত্যা প্রতিরোধে কার্যকর আইন প্রণয়ন, চলমান সহিংসতা বন্ধ এবং গণহত্যায় জড়িত থাকার যুক্তিসংগত সন্দেহভাজন ব্যক্তিদের তদন্তের আওতায় আনার নির্দেশ দিয়েছে। প্রয়োজনে তাদের বিচার ও শাস্তি নিশ্চিত করতেও বলা হয়েছে।

তিনি আরও বলেন, রায়ে আগের অবস্থা ফিরিয়ে দেওয়া এবং ক্ষতিপূরণের মাধ্যমে ভুক্তভোগীদের প্রতিকার নিশ্চিত করার বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে।

হুমায়ুন কবির জানান, এই রায় চূড়ান্ত। এর বিরুদ্ধে আপিলের কোনো সুযোগ নেই এবং মামলার পক্ষগুলোর জন্য এটি আইনত বাধ্যতামূলক।

তিনি বলেন, প্রায় ১৩ লাখ জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া বাংলাদেশ এই মামলার পক্ষ না হলেও পুরো কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছে।

এদিকে, ২০১৯ সালের ১১ নভেম্বর মামলাটি দায়ের করায় প্রতিমন্ত্রী গাম্বিয়ার সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে তিনি ওআইসি (অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন) এবং আদালতে লিখিত বিবৃতি জমা দেওয়া ১১টি দেশকেও ধন্যবাদ জানান।

এ সময় তিনি রোহিঙ্গা সম্প্রদায়ের দীর্ঘদিনের প্রচেষ্টার কথা স্বীকার করেন। পাশাপাশি কক্সবাজারে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার ক্ষেত্রে স্থানীয় জনগোষ্ঠীর সমর্থনের কথাও উল্লেখ করেন।

হুমায়ুন কবির এই রায়ের আলোকে আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে রোহিঙ্গাদের প্রত্যাবাসন সম্পন্ন না হওয়া পর্যন্ত বাস্তুচ্যুত রোহিঙ্গা এবং আশ্রয়দাতা বাংলাদেশি জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা অব্যাহত রাখতে উন্নয়ন সহযোগী ও দাতাদের প্রতি আহ্বান জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭:৩০:৪৮   ১১ বার পঠিত   #  #  #  #