জিয়াউর রহমান ফাউন্ডেশনের কর্মকাণ্ড থেকে সরকারি নীতিমালা অনুপ্রাণিত: মাহদী আমিন

প্রথম পাতা » চট্টগ্রাম » জিয়াউর রহমান ফাউন্ডেশনের কর্মকাণ্ড থেকে সরকারি নীতিমালা অনুপ্রাণিত: মাহদী আমিন
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬



জিয়াউর রহমান ফাউন্ডেশনের কর্মকাণ্ড থেকে সরকারি নীতিমালা অনুপ্রাণিত: মাহদী আমিন

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, স্বনির্ভর ও মেধাভিত্তিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছে জিয়াউর রহমান ফাউন্ডেশন। সরকারের অনেক জনমুখী নীতিমালা ফাউন্ডেশনটির গত কয়েক দশকের বহুমাত্রিক কর্মকাণ্ড থেকে অনুপ্রাণিত।

গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক জাতীয় প্রতিযোগিতা ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে-২০২৬’-এর চট্টগ্রাম বিভাগীয় পর্বের প্রদর্শনী ও মূল্যায়ন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মাহদী আমিন বলেন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, কর্মসংস্থান, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং নারী ও যুব ক্ষমতায়নে ফাউন্ডেশনটির বহুমাত্রিক কার্যক্রম রয়েছে। করোনা মহামারির সময় প্রতিষ্ঠানটি খুদে বিজ্ঞানীদের নিয়ে ভার্চুয়াল বিজ্ঞান মেলার আয়োজন করেছিল। সেই উদ্যোগ থেকে অনুপ্রাণিত হয়ে সরকার গঠনের পর শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে সাধারণ, মাদ্রাসা ও কারিগরি পর্যায়ের ২৮ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে জাতীয় বিজ্ঞান উৎসবের আয়োজন করা হয়।

বিশ্ববিদ্যালয় পর্যায়ে ফাউন্ডেশনের বর্তমান আয়োজন থেকেও অনুপ্রেরণা নিয়ে ভবিষ্যতে সরকার আরও বৃহৎ পরিসরে এ ধরনের উদ্যোগ গ্রহণ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তরুণ জনশক্তি ও শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্কতা এবং সৃজনশীল চিন্তাধারাকে আগামীর বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, দেশের ‘ডেমোগ্রাফিক ডিভিডেন্ড’ বা তরুণ জনশক্তিকে ধারণ করেই নির্বাচিত সরকার নীতিমালা প্রণয়ন করছে।

তিনি বলেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন একটি স্বতন্ত্র ও ভিন্নমাত্রিক প্রতিষ্ঠান। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট এবং তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ভাইস প্রেসিডেন্ট হিসেবে সরাসরি নেতৃত্ব দিচ্ছেন। ফ্যাসিবাদের দীর্ঘ রক্তক্ষয়ী সময়েও সব রক্তচক্ষু উপেক্ষা করে প্রতিষ্ঠানটি মানুষের কল্যাণে কাজ করে গেছে।

অনুষ্ঠানে উপস্থিত বিজ্ঞানী, শিক্ষক ও শিক্ষার্থীদের দেশের সবচেয়ে বড় গৌরব হিসেবে অভিহিত করেন মাহদী আমিন। তিনি বলেন, বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান ও বহুজাতিক কোম্পানিতে বাংলাদেশিরা তাঁদের মেধা, প্রজ্ঞা ও সৃজনশীলতার স্বাক্ষর রাখছেন। দেশের অভ্যন্তরেও এই মেধাকে যথাযথভাবে কাজে লাগাতে চায় সরকার।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সম্ভাবনাময় প্রকল্পগুলোর পাশে দাঁড়াতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এসব প্রকল্প থেকেই ভবিষ্যতে পেটেন্ট তৈরি হবে, উদ্ভাবনী ধারণাগুলো বাণিজ্যিক রূপ পাবে এবং বাস্তব জীবনের বিভিন্ন সমস্যার সমাধান বেরিয়ে আসবে।

কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবটিক্স ও মেশিন লার্নিংয়ের যুগে প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করা গেলে নতুন কর্মসংস্থানের অবারিত সুযোগ তৈরি হবে বলেও মন্তব্য করেন তিনি।

শিক্ষাব্যবস্থার সংস্কার প্রসঙ্গে মাহদী আমিন জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত প্রতিটি স্তরে সংস্কার কার্যক্রম চলছে। এর দুটি মূল লক্ষ্য রয়েছে। প্রথমত, শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ ও সামাজিক শিক্ষায় সমৃদ্ধ করে সুনাগরিক হিসেবে গড়ে তোলা। দ্বিতীয়ত, এমন কর্মদক্ষতা তৈরি করা, যাতে তারা দেশ ও বিশ্ববাজারে নেতৃত্ব দিতে পারে কিংবা সফল উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে।

গণতন্ত্র সুরক্ষা ও জুলাই গণঅভ্যুত্থানের চেতনার প্রসঙ্গ তুলে ধরে মাহদী আমিন বলেন, গণতান্ত্রিক সমাজে ভিন্নমত থাকতেই পারে। তবে ফ্যাসিবাদের প্রশ্নে, গণতন্ত্র সুরক্ষার স্বার্থে এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে সবাই এক ও অভিন্ন।

জুলাই গণঅভ্যুত্থানের মূল লক্ষ্য সবাই মিলে নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, গণতন্ত্র, অধিকার ও স্বাধীনতা রক্ষায় শিক্ষার্থী ও শিক্ষকদের শক্তিশালী ভূমিকা জুলাই গণঅভ্যুত্থানে প্রমাণিত হয়েছে।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান এবং চট্টগ্রামের ঐতিহাসিক গুরুত্ব স্মরণ করে মাহদী আমিন বলেন, ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে শহীদ জিয়ার রাষ্ট্রনায়ক হয়ে ওঠার পথচলা এই চট্টগ্রাম থেকেই শুরু হয়েছিল। এখানেই তিনি শাহাদাত বরণ করেছিলেন।

তিনি আরও বলেন, তৈরি পোশাকশিল্প ও বিদেশে জনশক্তি রপ্তানির সূচনা, বৃক্ষরোপণ ও খাল খনন কর্মসূচি, নারী ও যুব উন্নয়নে পৃথক মন্ত্রণালয় গঠন, কোস্টগার্ড ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী প্রতিষ্ঠা ছিল শহীদ জিয়ার দূরদর্শী উদ্যোগ। সার্ক প্রতিষ্ঠা এবং জাতিসংঘসহ বিভিন্ন বৈশ্বিক প্ল্যাটফর্মে তিনি বাংলাদেশকে মর্যাদাপূর্ণ অবস্থানে নিয়ে গিয়েছিলেন। ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’-এর মাধ্যমে পাহাড় ও সমতলের সব মানুষকে ঐক্যবদ্ধ করেছিলেন। শহীদ জিয়ার সেই আদর্শেই আজ জিয়াউর রহমান ফাউন্ডেশন অনুরণিত হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, বিজ্ঞান মেলা-২০২৬-এর আয়োজক কমিটির আহ্বায়ক প্রকৌশলী অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল, সদস্য সচিব ডা. মোস্তফা আজিজ সুমন, চট্টগ্রাম বিভাগীয় সমন্বয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী উমাশাহ্ উমায়ুন মনি চৌধুরী, সদস্য সচিব ডা. এস এম সারোয়ার আলম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭:২৬:৪২   ৮ বার পঠিত   #  #  #  #







চট্টগ্রাম’র আরও খবর


আইন নিজের হাতে না তুলে নেওয়ার আহ্বান পরিবেশমন্ত্রীর
জিয়াউর রহমান ফাউন্ডেশনের কর্মকাণ্ড থেকে সরকারি নীতিমালা অনুপ্রাণিত: মাহদী আমিন
আওয়ামী লীগ ভাড়াটে লোক দিয়ে নাশকতা চালাচ্ছে:  ডা. শাহাদাত হোসেন
চাঁদপুরে দীপু মনি ও সুজিত নন্দীর পরিত্যক্ত বাড়িতে আগুন
আনোয়ারায় ট্রাফিক পুলিশ বক্সে আগুন-ভাঙচুর, আটক ৬
গবেষণা না বাড়ালে বিশ্ববিদ্যালয়ের মূল উদ্দেশ্য সফল হবে না: মীর হেলাল
চট্টগ্রাম-নাজিরহাট রুটে দুই জোড়া কমিউটার ট্রেনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর হেলাল
‘নগর সরকার’ প্রতিষ্ঠা হলে চট্টগ্রামের উন্নয়ন ত্বরান্বিত হবে: ডা. শাহাদাত
পরাজিত শক্তি বিশৃঙ্খলার চেষ্টা করলে রাজপথে প্রতিরোধ করা হবে: ভূমি প্রতিমন্ত্রী
আমরা সবাই বাংলাদেশি, আমাদের মাঝে কোনো ভেদাভেদ নেই : ধর্ম প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ