শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ নেই: মীর শাহে আলম

প্রথম পাতা » ছবি গ্যালারী » নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ নেই: মীর শাহে আলম
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬



নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ নেই: মীর শাহে আলম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, পলাতক ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগকে বাংলাদেশের মাটিতে পুনরুত্থানের কোনো সুযোগ দেওয়া হবে না।

তিনি বলেন, এ দেশে যারা তাঁবেদার রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টা করবে এবং ষড়যন্ত্রে লিপ্ত হবে, তাদের বিরুদ্ধে সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে।

শুক্রবার (২০ নভেম্বর) বেলা ১১টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা হাইস্কুল মাঠে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে নিমগাছের চারা ও মগ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মকাণ্ডের সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, সরকার ধৈর্যের পরিচয় দিচ্ছে। মানবাধিকার লঙ্ঘন না করে আইন অনুযায়ী পরিস্থিতি মোকাবিলা করা হচ্ছে। তবে সরকারের এই ধৈর্যকে দুর্বলতা ভাবার কোনো সুযোগ নেই। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

বিদেশ থেকে টেলিফোন পেয়ে কেউ যেন উসকানিতে পা না দেন, সে আহ্বান জানিয়ে তিনি বলেন, যারা দূর থেকে নির্দেশ দিচ্ছেন, তাদের দেশে এসে নেতৃত্ব দেওয়া উচিত।

অনুষ্ঠানে মোকামতলা এলাকার উন্নয়ন পরিকল্পনার কথাও তুলে ধরেন মীর শাহে আলম। তিনি জানান, আগামী ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের মোকামতলা হাইস্কুল মাঠে আসার কথা রয়েছে। সবকিছু ঠিক থাকলে ওই দিন প্রধানমন্ত্রী ফলক উন্মোচনের মাধ্যমে নবসৃষ্ট মোকামতলা উপজেলা, মোকামতলা মডেল পৌরসভা ও মোকামতলা থানার কার্যক্রম উদ্বোধন করবেন।

প্রতিমন্ত্রী বলেন, মোকামতলা থেকে হিলি পর্যন্ত ৩৯ কিলোমিটার সড়ক ছয় লেনে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৯০০ কোটি টাকা। আগামী ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী এ প্রকল্পেরও ফলক উন্মোচন করবেন বলে জানান তিনি।

শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা ও মগ বিতরণ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, শিবগঞ্জ ও মোকামতলা এলাকায় মোট বাড়ির সংখ্যা ১ লাখ ২২ হাজার। এর মধ্যে প্রথম পর্যায়ে ৬২ হাজার বাড়িতে মগ পৌঁছে দেওয়া হবে। আগামী বছর প্রধানমন্ত্রীর ৬৩তম জন্মদিন উপলক্ষে বাকি ৬০ হাজার বাড়িতে মগ বিতরণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি প্রতিটি বাড়িতে একটি করে নিমগাছের চারা পৌঁছে দেওয়া হবে।

এ সময় শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনার পাশাপাশি গাছের চারা রোপণ ও পরিচর্যা এবং নিজেদের বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পরামর্শ দেন তিনি।

মোকামতলা উপজেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হোসেন তৌফিকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান, মোকামতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুজ্জামান এবং শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি তাজুল ইসলাম।

এ ছাড়া অনুষ্ঠানে অংশ নেন উপজেলা বিএনপির সদস্যসচিব রোকনউদ্দৌলা রুবেল, যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম, রুহুল আমিন ফটু ও নুরে আলম মামুন তালুকদার। উপস্থিত ছিলেন যুবদলের আহ্বায়ক রাসেল মাহমুদ সবুজ ও সদস্যসচিব উজ্জ্বল হোসেন।

অনুষ্ঠানে মোকামতলা এলাকার পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের ৬ হাজারের বেশি শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীর মধ্যে নিমগাছের চারা ও মগ বিতরণ করা হয়। পর্যায়ক্রমে শিবগঞ্জ ও মোকামতলা এলাকার অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের আরও ৬৪ হাজার শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীর মধ্যে এসব সামগ্রী বিতরণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৭:৩৩:৩৯   ৬ বার পঠিত   #  #  #  #