
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, বিগত ১৭ বছর তাঁরা অত্যাচার-নির্যাতনের শিকার হয়েছেন। জনগণের সমর্থনেই তাঁরা ক্ষমতায় এসেছেন। বর্তমানে দেশের মানুষ শান্তিতে রয়েছে।
তিনি বলেন, তাঁরা শান্তিতে থাকতে চান। আইনগতভাবে নিষিদ্ধ ব্যক্তিরা দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। কোনোভাবেই তাদের প্রশ্রয় দেওয়া যাবে না।
আজ সকালে ফেনীর দাগনভূঞা উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।
পরিবেশমন্ত্রী বলেন, অতীতে যারা অত্যাচার-নির্যাতনের সঙ্গে জড়িত ছিল এবং বর্তমানে বেআইনি কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে, তাদের আইনের আওতায় আনতে হবে। তবে ব্যক্তিগত প্রতিহিংসার কারণে কোনো নিরপরাধ মানুষকে হয়রানি করা যাবে না।
তিনি আরও বলেন, সবাইকে দেশের আইন মেনে চলতে হবে। কোথাও নাশকতার পরিকল্পনার খবর পাওয়ামাত্র আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান জানিয়ে দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আইন নিজের হাতে তুলে নেবেন না। তাহলে তাদের সঙ্গে আমাদের পার্থক্য কী হলো?’
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন সহকারী কমিশনার (ভূমি) শাহিদুল আলম। এতে বক্তব্য দেন ৪ বিজিবির অ্যাডজুট্যান্ট ক্যাপ্টেন জসিম উদ্দিন, অফিসার ইনচার্জ মুহাম্মদ ফয়েজুল আজিম নোমান, বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন, উপজেলা বিএনপির সদস্যসচিব কামরুল উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন, ছাত্রদলের আহ্বায়ক সায়মুন হক রাজিব ও শ্রমিক দল নেতা জসিম উদ্দিন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৭:৩৪:৪৭ ৩ বার পঠিত #আইনশৃঙ্খলা #আবদুল আউয়াল মিন্টু #দাগনভূঞা #পরিবেশমন্ত্রী