
জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে দীর্ঘদিনের জমিজমা সংক্রান্ত বিরোধ ও মামলা-মোকদ্দমার অবসান ঘটিয়ে কৃষ্ণপুর মৌজার ৬৩ শতাংশ জমির দখল ফিরে পেয়েছেন আব্দুর রাজ্জাক।
স্থানীয়দের উদ্যোগে বিষয়টি নিষ্পত্তি হওয়ার পর জমিটি তাঁকে বুঝিয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে। দখল ফিরে পেয়ে সেখানে বসবাসের জন্য ঘর নির্মাণের কাজ শুরু করেছেন তিনি, যা তাঁর পরিবার ও এলাকাবাসীর মধ্যে স্বস্তি এনেছে।
আব্দুর রাজ্জাকের দাবি অনুযায়ী, কৃষ্ণপুর মৌজার বিআরএস ১১০ নম্বর খতিয়ানের ১২২ ও ১২৩ নম্বর দাগের ৬৩ শতাংশ জমি দীর্ঘদিন ধরে তাঁদের মালিকানা ও ভোগদখলে ছিল। অভিযোগ রয়েছে, পরবর্তী সময়ে শফিকুল ইসলাম গং তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে গভীর রাতে ভাড়াটে লোকজনের সহায়তায় জমিটি জবরদখল করেন। এরপর থেকেই দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল।
আব্দুর রাজ্জাক জানান, বিআরএস রেকর্ড-সংক্রান্ত একটি মামলায় প্রতিপক্ষ একতরফা ডিক্রি পেলে তাঁরা উচ্চ আদালতের শরণাপন্ন হন। তাঁর ভাষ্যমতে, এ সংক্রান্ত রিট পিটিশন নম্বর-৫৩৩৮/২০২৬-এর ওপর আদালতের স্থগিতাদেশ বহাল রয়েছে।
এদিকে স্থানীয় বাসিন্দা ও ভূমিসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের টানাপোড়েনের পর জমির বৈধ মালিকানা নিজেদের নয়—এমন উপলব্ধি থেকেই শফিকুল ইসলাম গং জমিটি আব্দুর রাজ্জাককে বুঝিয়ে দেন।
শুক্রবার (২০ নভেম্বর) সকালে আব্দুর রাজ্জাক ও তাঁর লোকজনকে কোনো ধরনের বাধা ছাড়াই ওই জমিতে ঘর নির্মাণের কাজ করতে দেখা যায়।
এ প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা সাদ্দাম হোসেন, আলিমুদ্দিন, জামিনুর ইসলাম ও মুক্তা মিয়া বলেন, কোনো বাধা বা আপত্তি ছাড়াই জমিতে ঘর তোলার কাজ চলছে। দীর্ঘদিনের বিরোধ মিটে যাওয়ায় এবং আব্দুর রাজ্জাক জমির দখল ফিরে পাওয়ায় তাঁরা খুশি। শান্তিপূর্ণ এই সমাধানকে ইতিবাচক হিসেবে দেখছেন এলাকার মানুষ।
সব মিলিয়ে দীর্ঘ আইনি লড়াই ও বিরোধের পর নিজের জমি ফিরে পেয়ে আব্দুর রাজ্জাকের পরিবারে এখন স্বস্তি ও আনন্দের পরিবেশ বিরাজ করছে।
বাংলাদেশ সময়: ২২:৪৪:৩০ ২ বার পঠিত