![]()
ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেছেন, রাজশাহী শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলার প্রাণকেন্দ্র। এ অঞ্চলের ক্রীড়াবিদরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনের মাধ্যমে রাজশাহী ও বাংলাদেশের গৌরব তুলে ধরেছেন।
শনিবার (২১ নভেম্বর) দুপুরে রাজশাহী সরকারি শারীরিক শিক্ষা কলেজের বাস্তবায়নে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের আয়োজনে ‘জাতীয় বিশ্ববিদ্যালয় আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভূমিমন্ত্রী বলেন, রাজশাহী থেকেই ক্রিকেট, ফুটবলসহ বিভিন্ন খেলাধুলায় অনেকেই জাতীয় পর্যায়ে পৌঁছেছেন। তারা বিশ্বমঞ্চে রাজশাহী ও বাংলাদেশকে গৌরবের সঙ্গে তুলে ধরেছেন।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলার মাধ্যমে দেশের যুবসমাজকে এগিয়ে নিতে কাজ করে চলেছেন। এর লক্ষ্য হলো, তরুণদের মাদক থেকে দূরে রাখা এবং খেলাধুলায় দক্ষ করে গড়ে তোলার মাধ্যমে বাংলাদেশকে বিশ্বের দরবারে তুলে ধরা।
রাজশাহীর মানুষকে অত্যন্ত শান্তিপ্রিয় ও অতিথিপরায়ণ উল্লেখ করে মন্ত্রী বলেন, ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজশাহীর শিক্ষার্থীরা জীবন বাজি রেখে লড়াই চালিয়ে গেছেন।
তিনি আরও বলেন, রাজশাহীর মানুষ যেমন আন্তরিকতা দেখাতে জানেন, তেমনি প্রয়োজনের সময় লড়াই করতেও জানেন। দেশ ও জাতির স্বার্থে তারা নিজের জীবন উৎসর্গ করতেও পিছপা হন না।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শফিকুল হক মিলন, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ সুইট, রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইব্রাহিম আলী, নিউ গভ. ডিগ্রি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. শিখা সরকার, রাজশাহী সরকারি সিটি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইলিয়াস উদ্দিন, রাজশাহী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবুল কালাম আজাদ এবং রাজশাহী কোর্ট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আল মামুন কবির।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক দপ্তরের পরিচালক মোহাম্মদ শফিকুল করিম।
উল্লেখ্য, জাতীয় বিশ্ববিদ্যালয়ের আয়োজনে এবং রাজশাহী সরকারি শারীরিক শিক্ষা কলেজের বাস্তবায়নে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
আয়োজকরা জানান, এ প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ, খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং আন্তঃকলেজ পর্যায়ে ক্রীড়াচর্চাকে আরও উৎসাহিত করার সুযোগ সৃষ্টি হবে।
বাংলাদেশ সময়: ১৬:২৩:২১ ৫ বার পঠিত #জাতীয় বিশ্ববিদ্যালয় আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা-২০২ #মো. মিজানুর রহমান মিনু #রাজশাহী