
বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্ল্যান্টকে কার্যকর সমাধান হিসেবে উল্লেখ করে প্রতিটি গ্রাম, পাড়া ও মহল্লায় বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক।
মাঠপর্যায়ের কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে আজ সাভারে জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের সম্মেলনকক্ষে যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক। যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মো: মোতাহের হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো: মাহফুজুল আলম খান।
প্রতিমন্ত্রী জানান, যুব উন্নয়ন কর্মকর্তাদের সক্রিয় তত্ত্বাবধানে দেশের প্রতিটি গ্রামে ‘বায়োগ্যাস পল্লী’ গড়ে তোলা হবে। এর মাধ্যমে পরিবারগুলো নিজেদের জ্বালানির চাহিদা পূরণের পাশাপাশি বাণিজ্যিকভাবে গ্যাস বিক্রি করে আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারবে। এ উদ্যোগ সফল করতে যুবকদের ঋণ বিতরণ প্রক্রিয়া আরও সহজ করা হবে এবং প্রয়োজনে ঋণের পরিমাণও বাড়ানো হবে।
দেশের যুবসমাজকে দক্ষ মানবসম্পদে পরিণত করা এবং চলমান বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় তৃণমূল পর্যায়ে নতুন কর্মপরিকল্পনা গ্রহণ করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, মাঠপর্যায়ের কর্মকর্তাদের সুচিন্তিত মতামতের ভিত্তিতে আগামী চার বছরের জন্য সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা প্রণয়ন করা হবে। কাজের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে প্রতি মাসে যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তাদের কাছ থেকে কাজের অগ্রগতি-সংক্রান্ত প্রতিবেদন সংগ্রহ করা হবে। পাশাপাশি কর্মদক্ষতা মূল্যায়নের ভিত্তিতে সেরা কর্মকর্তাদের পুরস্কৃত করা হবে।
সারা দেশের যুবসমাজ ও যুব সংগঠকদের একই প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ করতে দ্রুততম সময়ের মধ্যে ‘যুব কাউন্সিল’ গঠন করা হবে বলেও জানান তিনি। কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে প্রতি চার মাস পরপর এ ধরনের মতবিনিময় সভা আয়োজনের নির্দেশ দেন প্রতিমন্ত্রী। একই সঙ্গে সব কর্মকর্তা-কর্মচারীকে নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত থাকার জন্য কঠোর নির্দেশনা দেন তিনি।
সভায় আরও অধিকসংখ্যক বেকার যুবককে প্রশিক্ষণ কার্যক্রমের আওতায় আনা, তৃণমূল পর্যায়ের যুব সংগঠকদের আরও সক্রিয় করা এবং বর্তমান সময়ের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে প্রশিক্ষণ মডিউলে নতুন নতুন ট্রেড যুক্ত করার বিষয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
বাংলাদেশ সময়: ১৬:২৯:০৫ ৮ বার পঠিত #জ্বালানি সংকট #বায়োগ্যাস পল্লী #মো. আমিনুল হক #যুব উন্নয়ন অধিদপ্তর