
চট্টগ্রাম নগরীর উন্নয়ন কার্যক্রমে সব এলাকাকে সমান গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন।
তিনি বলেন, নগরীর অনেক অলিগলি দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী অবস্থায় রয়েছে। এ কারণে প্রধান সড়ক থেকে শুরু করে প্রতিটি ওয়ার্ডের ছোট-বড় সব অলিগলি পর্যায়ক্রমে উন্নয়ন কার্যক্রমের আওতায় আনা হবে।
আজ শনিবার নগরীর ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ডে চসিকের অর্থায়নে পাঁচটি সড়কের উন্নয়নকাজ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ডা. শাহাদাত হোসেন বলেন, নগরীর প্রতিটি এলাকার মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সড়ক নির্মাণ ও সংস্কার কার্যক্রম অব্যাহত থাকবে। বর্ষা মৌসুম শেষ হওয়ায় আগামী পাঁচ থেকে ছয় মাস, অর্থাৎ শীত ও বসন্ত মৌসুমজুড়ে নগরীর বিভিন্ন এলাকায় সড়ক সংস্কারের কাজ চলবে। এসব উন্নয়নকাজ শেষ হলে স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দুর্ভোগ অনেকটাই লাঘব হবে।
তিনি আরও বলেন, গত দুই বছরে নগরীতে সড়ক ও অবকাঠামো উন্নয়ন, নালা ও ড্রেন সংস্কারসহ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকার উন্নয়নকাজ বাস্তবায়ন করা হয়েছে। নগরীর বিভিন্ন ওয়ার্ডে ব্যাপক উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে। কোনো কোনো ওয়ার্ডে ১২৫ থেকে ১৫০ কোটি টাকা এবং কোনো কোনো ওয়ার্ডে ২২৫ থেকে ২৫০ কোটি টাকার উন্নয়নকাজ সম্পন্ন হয়েছে। ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ডেও ইতোমধ্যে প্রায় ৫০ থেকে ৬০ কোটি টাকার উন্নয়নকাজ বাস্তবায়ন করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, চসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পুর) জসিম উদ্দিন, নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলাম ও শাফকাত আমিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বাংলাদেশ সময়: ১৬:৩০:০৭ ৪ বার পঠিত #চট্টগ্রাম সড়ক উন্নয়ন #চট্টগ্রাম সিটি কর্পোরেশন #ডা. শাহাদাত হোসেন #পশ্চিম বাকলিয়া ওয়ার্ড