সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

ফতুল্লা বাজারে ক্ষতিকর রং ও হাইড্রোস, তিন প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফতুল্লা বাজারে ক্ষতিকর রং ও হাইড্রোস, তিন প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬



---

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা বাজারে খাদ্যদ্রব্যে মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর কৃত্রিম রং ও রাসায়নিক পদার্থ হাইড্রোস ব্যবহারের প্রমাণ পাওয়ায় তিনটি প্রতিষ্ঠানকে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

নারায়ণগঞ্জ সদর উপজেলাকে নিরাপদ ও ভেজালমুক্ত খাদ্যব্যবস্থার আওতায় আনার পাশাপাশি তিনটি মডেল বাজারে উন্নীত করার লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়। বাজারে বিক্রি হওয়া খাদ্যসামগ্রীর গুণগত মান যাচাইয়ের অংশ হিসেবে ভ্রাম্যমাণ পরীক্ষণ ভ্যানের মাধ্যমে বিভিন্ন খাদ্যপণ্যের নমুনা পরীক্ষা করা হয়।

পরীক্ষায় খাদ্যদ্রব্যে মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর কৃত্রিম রং ও রাসায়নিক পদার্থ হাইড্রোস ব্যবহারের প্রমাণ মেলে। এ অপরাধে ফতুল্লা বাজারের আদি গন্ধেশ্বরী মিষ্টান্ন ভান্ডার, শ্রী গন্ধেশ্বরী মিষ্টান্ন ভান্ডার এবং একটি মুদি দোকানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় মোট এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান পরিচালনা ও অর্থদণ্ড প্রদান করেন নারায়ণগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব এস এম ফয়েজ উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য কর্মকর্তা জনাব সুরাইয়া সাইদুন নাহার।

জনস্বাস্থ্য সুরক্ষা, নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং ভোক্তাদের অধিকার রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়। একই সঙ্গে খাদ্যপণ্য উৎপাদন, সংরক্ষণ ও বিপণনের প্রতিটি পর্যায়ে প্রচলিত আইন ও স্বাস্থ্যসম্মত মানদণ্ড অনুসরণের জন্য সংশ্লিষ্ট ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৬:১৫:৪৭   ৩৫ বার পঠিত   #  #  #  #