![]()
ভোলার মেঘনা নদীতে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ৩১ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ১০ বোতল হুইস্কিসহ মো. সেলিম (২৮) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এ তথ্য নিশ্চিত করেন।
আটক সেলিম চৌদ্দগ্রাম থানার কালিকাপর এলাকার বাসিন্দা।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত বলেন, ‘বাংলাদেশ কোস্ট গার্ড দেশের উপকূলীয় ও নদীতীরবর্তী এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বেলা ১১টার দিকে ভোলার সদর উপজেলার ইলিশার মাঝের চরসংলগ্ন মেঘনা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।’
তিনি আরও বলেন, ‘এ সময় সন্দেহজনক একটি স্পিডবোটে তল্লাশি চালিয়ে প্রায় ১২ লাখ ৮৫ হাজার টাকা মূল্যের ৩১ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ১০ পিস রয়্যাল স্ট্যাগ হুইস্কিসহ একজন মাদক কারবারিকে আটক করা হয়।’
জব্দ করা গাঁজা ও হুইস্কি এবং আটক মাদক কারবারির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৬:৪৮:৩৪ ৭ বার পঠিত #ভোলা কোস্ট গার্ড #মেঘনা নদীতে মাদক উদ্ধার #৩১ কেজি গাঁজা