![]()
কালকিনি,ডাসার (মাদারীপুর)প্রতিনিধি : পরিবারের মুখে হাসি ফোটাতে প্রায় দুই বছর আগে জীবিকার তাগিদে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন মাদারীপুরের কালকিনির জুলহাস মাল (৪০)। স্বপ্ন ছিল অভাব ঘুচিয়ে স্ত্রী-সন্তান ও বৃদ্ধ বাবা-মায়ের পাশে দাঁড়াবেন। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না। সৌদি আরবের রাজধানী রিয়াদে স্ট্রোক করে মারা গেছেন তিনি। স্বামীর মরদেহ দেশে ফিরিয়ে আনতে প্রয়োজন প্রায় চার লাখ টাকা। তবে অসহায় পরিবারটির পক্ষে এই অর্থ জোগাড় করা অসম্ভব হয়ে পড়েছে। বাবাকে শেষবারের মতো দেখার আকুতি আর দ্রুত লাশ ফিরে পাওয়ার অপেক্ষায় দিন কাটছে স্বজনদের।
নিহত জুলহাস মাল কালকিনি উপজেলার শিকারমঙ্গল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইচাগুরা গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম খালেক মাল। পরিবার সূত্রে জানা গেছে, বৈধ কাগজপত্র ছাড়াই সৌদি আরবে অবস্থান করছিলেন জুলহাস। গত ২১ নভেম্বর স্ট্রোকজনিত কারণে রিয়াদের রাবেয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
জুলহাসের মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। পাঁচ ভাইয়ের মধ্যে মেঝো ছিলেন তিনি। অন্য চার ভাই কৃষিকাজ করে কোনোমতে সংসার চালান। বৃদ্ধ বাবা অসুস্থ এবং মা শারীরিক প্রতিবন্ধী—লাঠিতে ভর দিয়ে তাঁকে চলাফেরা করতে হয়।
সংসারে জুলহাস রেখে গেছেন স্ত্রী এবং পাঁচ বছর ও সাড়ে তিন বছর বয়সী দুটি অবুঝ মেয়ে। একমাত্র উপার্জনক্ষম মানুষটিকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে পুরো পরিবার। ছোট্ট দুটি মেয়ে এখনো বুঝে উঠতে পারেনি তাদের বাবা আর কখনো ফিরে আসবেন না।
স্বজনদের ভাষ্য, একদিকে স্বামী ও সন্তান হারানোর শোক, অন্যদিকে সংসারের ঋণের বোঝা—সব মিলিয়ে চরম বিপাকে পড়েছে পরিবারটি। সৌদি আরব থেকে মরদেহ দেশে আনতে প্রায় চার লাখ টাকা প্রয়োজন বলে জানিয়েছেন তাঁরা, যা জোগাড় করার সামর্থ্য নেই অসহায় পরিবারটির।
এ বিষয়ে শিকারমঙ্গল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রুবিনা ইয়াসমিন বলেন, নিহত প্রবাসী জুলহাস মালের মরদেহ সরকারের পক্ষ থেকে দ্রুত পরিবারের কাছে এনে দেওয়ার ব্যবস্থা করা হোক।
কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কিশোর কুমার দাশ বলেন, প্রবাসী জুলহাস মালের লাশ দেশে আনতে যত প্রকার সহযোগিতা করার দরকার, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তা করা হবে।
মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাস, সরকারের সংশ্লিষ্ট দপ্তর এবং বিত্তবান ও মানবিক মানুষের সহযোগিতা কামনা করেছেন স্বজনরা।
বাংলাদেশ সময়: ২৩:২৬:২৭ ১০ বার পঠিত