![]()
জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে কয়েকটি ইটভাটায় অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী এবং সহকারী কমিশনার (ভূমি) নাবিল হোসেন তামিম।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানকালে উপজেলার জোনাইল পক্ষিমারী এলাকার সোহান ব্রিকসের মালিক মোহাম্মদ রুনুর ইটভাটায় নিম্নমানের কয়লা ব্যবহার, পরিবেশগত ছাড়পত্র ও প্রয়োজনীয় লাইসেন্স না থাকায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া অনিয়মের দায়ে আবু বক্করের ইটভাটায় ৫০ হাজার টাকা এবং জোনাইল নয়াপাড়া এলাকার আরএসএস ইটভাটায় ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
অভিযান চলাকালে সংশ্লিষ্ট ইটভাটাগুলোর পরিবেশগত ছাড়পত্র, প্রয়োজনীয় লাইসেন্স ও জ্বালানি হিসেবে ব্যবহৃত কয়লার মানসহ বিভিন্ন বিষয় যাচাই করা হয়। জনস্বার্থ ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।
বাংলাদেশ সময়: ১৭:১৭:১৭ ২৮ বার পঠিত