![]()
শিক্ষাব্যবস্থার উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুদূরপ্রসারী পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, শিক্ষার মানোন্নয়ন, কারিগরি শিক্ষার আধুনিকায়ন, শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষাকে আনন্দময় করতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে। তবে এসব পরিকল্পনা সফলভাবে বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
শিক্ষামন্ত্রী বলেন, সরকারের প্রধান লক্ষ্য শুধু শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো নির্মাণ নয়, বরং শিক্ষার গুণগত মান নিশ্চিত করা। এ জন্য প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে নিজেদের কার্যক্রম মূল্যায়ন করতে হবে। শিক্ষাব্যবস্থায় কী ধরনের পরিবর্তন এসেছে এবং এসব পরিবর্তনের মাধ্যমে কী ফলাফল অর্জিত হয়েছে, তা পর্যালোচনার পাশাপাশি জবাবদিহি নিশ্চিত করতে হবে।
শনিবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর মিরপুরে সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর অধ্যক্ষ সম্মিলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি এবং উচ্চশিক্ষার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এ সম্মিলনের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর পরিকল্পনা তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, লন্ডনে অবস্থানকালে প্রধানমন্ত্রী শিশুদের সুন্দর পোশাক, জুতা-মোজা ও স্কুলব্যাগ নিয়ে বিদ্যালয়ে যেতে দেখেছেন। দেশের শিশুদের জন্যও একই ধরনের পরিবেশ নিশ্চিত করতে চান তিনি। এ লক্ষ্য বাস্তবায়নে পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৫)-এর আওতায় প্রাথমিক শিক্ষার্থীদের স্কুল ড্রেস দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। একই সঙ্গে শিশুদের পুষ্টির বিষয়টি বিবেচনায় নিয়ে আবারও মিড-ডে মিল চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। পরীক্ষামূলক প্রকল্পে কিছু ত্রুটি থাকলেও আগামী বছর আরও ভালোভাবে এটি বাস্তবায়নের চেষ্টা করা হবে।
শিক্ষাক্রমে পরিবর্তনের বিষয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী চতুর্থ শ্রেণির নতুন বইয়ে সংস্কৃতি ও খেলাধুলার বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষার বিষয় যুক্ত করে নতুন বই দেওয়া হয়েছে। শিক্ষাকে আনন্দময় করে তোলার পাশাপাশি কারিগরি শিক্ষার আধুনিকায়নেও সরকার গুরুত্ব দিচ্ছে।
মন্ত্রী বলেন, সরকার শিক্ষাকে সর্বাধিক গুরুত্ব দিয়েছে। এ কারণেই চলতি বছর শিক্ষা খাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে। তবে শুধু বাজেট বৃদ্ধি বা অবকাঠামো উন্নয়নের মাধ্যমে শিক্ষার মান নিশ্চিত করা সম্ভব নয়। শিক্ষার্থীদের দক্ষ ও কর্মক্ষম নাগরিক হিসেবে গড়ে তোলার বিষয়েও বিশেষ নজর দিতে হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে অপরিকল্পিতভাবে নতুন বিষয় চালুর সমালোচনা করে শিক্ষামন্ত্রী বলেন, অনেক কলেজে নতুন বিষয় খোলা হলেও পর্যাপ্ত শিক্ষার্থী নেই। আবার কোনো কোনো প্রতিষ্ঠানে শিক্ষার্থী থাকলেও প্রয়োজনীয় শিক্ষক নেই। একটি কলেজ পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানান, কোথাও একজন শিক্ষকের বিপরীতে একজন শিক্ষার্থী, আবার কোথাও একজন শিক্ষকের বিপরীতে তিনজন শিক্ষার্থী পাওয়া গেছে। নতুন বিষয় চালুর আগে শিক্ষক ও শিক্ষার্থীর সংখ্যা বিবেচনায় নিয়ে যথাযথ পরিকল্পনা করতে হবে।
তিনি আরও বলেন, অনেক বিশ্ববিদ্যালয় ও কলেজে অনার্স কোর্স চালু করা হয়েছে। কিন্তু কোথাও শিক্ষক থাকলেও শিক্ষার্থী নেই, আবার কোথাও শিক্ষার্থী থাকলেও শিক্ষক নেই। এ ধরনের অসংগতি দূর করা জরুরি। শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষদের নিজ নিজ প্রতিষ্ঠানের সক্ষমতা ও প্রয়োজন বিবেচনা করে শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে হবে।
শিক্ষকদের দায়িত্বশীলতা ও মূল্যায়ন পদ্ধতি নিয়েও প্রশ্ন তোলেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, এসএসসি পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণে ৪৫ হাজার এবং এইচএসসি পরীক্ষায় ২৩ হাজার গ্রেড পরিবর্তন হয়েছে। শিক্ষকদের মূল্যায়ন করা খাতায় এত বিপুলসংখ্যক গ্রেড পরিবর্তনের কারণ খতিয়ে দেখা প্রয়োজন। শিক্ষার মানোন্নয়নে শিক্ষকসহ সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।
উচ্চশিক্ষায় শিক্ষার্থী ভর্তির প্রসঙ্গে তিনি বলেন, দেশের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে প্রায় ১৫ লাখ আসন রয়েছে। অথচ এইচএসসি পরীক্ষায় পাস করেছে প্রায় ছয় লাখ শিক্ষার্থী। ফলে আগামী শিক্ষাবর্ষে অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীসংখ্যা কমে যেতে পারে। এ পরিস্থিতিতে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করার দিকে গুরুত্ব দিতে হবে।
শিক্ষামন্ত্রী জানান, আগামী ২ ডিসেম্বর এইচএসসিতে অকৃতকার্য ও রেফার্ড পাওয়া শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হবে। এতে প্রায় ২ লাখ ৯০ হাজার পরীক্ষার্থী অংশ নেবে। একটি বিষয়ে অকৃতকার্য হওয়ার কারণে শিক্ষার্থীরা যাতে দীর্ঘ সময়ের জন্য শিক্ষাজীবনে পিছিয়ে না পড়ে, সে লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের পর ইতোমধ্যে তাদের ভর্তির ব্যবস্থাও করা হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোতে সেশনজট এড়াতে সরকার কাজ করছে।
শিক্ষকদের আন্দোলনের বিষয়ে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী চান না, যৌক্তিক দাবি আদায়ের জন্য শিক্ষকদের রাজপথে নামতে হোক। শিক্ষকদের যৌক্তিক দাবিগুলো সরকারের কাছে তুলে ধরার দায়িত্ব মন্ত্রণালয় নেবে। বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধার বিষয়েও সরকার ভাবছে। তবে সরকারি ও এনটিআরসিএর মাধ্যমে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের ক্লাস বন্ধ রেখে দাবি আদায়ের আন্দোলনে না যাওয়ার আহ্বান জানান তিনি।
এনটিআরসিএর মাধ্যমে শিক্ষক নিয়োগ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, এ নিয়োগব্যবস্থা নিয়ে বিভ্রান্তির কোনো অবকাশ নেই। শিক্ষক নিয়োগের বিষয়ে সরকার কাজ করছে। এ ব্যবস্থাকে সঠিক ধারায় ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট সবাইকে সময় দেওয়ার আহ্বান জানান তিনি।
কারিগরি শিক্ষার গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, বিশ্বজুড়ে দক্ষ পাইলটের চাহিদা রয়েছে। বাংলাদেশেও ভবিষ্যতে দক্ষ পাইলটের প্রয়োজন বাড়বে। লালমনিরহাটে এভিয়েশন বিশ্ববিদ্যালয় পরিদর্শনে গিয়ে প্রধানমন্ত্রী প্রতিষ্ঠানটির অবকাঠামো ও শিক্ষা কার্যক্রমের অগ্রগতি সন্তোষজনক না দেখে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। ২০১৯ সালে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়টিকে আধুনিকভাবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। এ ছাড়া দেশে উড়োজাহাজের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা থাকায় দক্ষ পাইলট তৈরির ওপর গুরুত্ব দিতে হবে।
শিক্ষার্থীদের জন্য সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা জানিয়ে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় স্নাতক পর্যন্ত মেয়েদের উপবৃত্তি দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি ভালো ফল করা ছাত্রীদের মধ্যে সাইকেল বিতরণ এবং মেধাবী শিক্ষার্থীদের কম্পিউটার দেওয়ার পরিকল্পনাও রয়েছে।
অধ্যক্ষদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, দায়িত্ব নেওয়ার পর সরকারের প্রায় ১০ মাস পার হয়েছে। এখন পর্যন্ত কাজের অগ্রগতি ও ফলাফল পর্যালোচনার সময় এসেছে। প্রত্যেক অধ্যক্ষকে নিজ নিজ প্রতিষ্ঠানে ফিরে শিক্ষার মানোন্নয়নে কার্যকর উদ্যোগ নিতে হবে। সম্মিলনে দেওয়া প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়ন ও অগ্রগতি পর্যালোচনা করা হবে। অধ্যক্ষদের অভিযোগ ও সমস্যার কথা শুনতেও সরকার প্রস্তুত রয়েছে।
তিনি বলেন, দেশের শিক্ষাব্যবস্থাকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী নিয়মিত নতুন নতুন পরিকল্পনা করছেন। এসব পরিকল্পনা বাস্তবায়নে শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।
বাংলাদেশ সময়: ১৬:৫৬:১১ ২ বার পঠিত #আ ন ম এহছানুল হক মিলন #তারেক রহমান #পিইডিপি-৫ #শিক্ষাব্যবস্থার সংস্কার