কম্বোডিয়ায় কষ্টার্জিত জয় পেল বাংলাদেশ

প্রথম পাতা » খেলাধুলা » কম্বোডিয়ায় কষ্টার্জিত জয় পেল বাংলাদেশ
সোমবার, ১২ জুন ২০২৩



কম্বোডিয়ায় কষ্টার্জিত জয় পেল বাংলাদেশ

ভারতের বেঙ্গালুরুতে আগামী ২১ জুন থেকে শুরু হবে সাফ চ্যাম্পিয়নশিপের আসর। আসন্ন এই টুর্নামেন্টকে সামনে রেখে প্রস্তুতির জন্য একটি প্রীতি ম্যাচ খেলতে বাংলাদেশ ফুটবল দল এখন কম্বোডিয়ায় রয়েছে। আগামী ১৫ জুন দেশটির বিপক্ষে খেলতে নামবে জামাল ভূঁইয়ার দল।

কম্বোডিয়া সফরে মূল ম্যাচে মাঠে নামার আগে আজ একটি অনুশীলন ম্যাচ খেলেছে বাংলাদেশ দল। যেখানে দেশটির লিগের ক্লাব টিফি আর্মির বিপক্ষে মাঠে নেমেছিল সফরকারীরা। ম্যাচের ১২তম মিনিটে সোহেল রানার একমাত্র গোলে ১-০ ব্যবধানে কষ্টার্জিত জয় পেয়েছে হ্যাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা।

অনুশীলন ম্যাচ হওয়ায় এই খেলাটি আন্তর্জাতিক স্বীকৃতি পায়নি। তবে বাংলাদেশের জার্সিতে প্রথম গোল করে বেশ খুশি সোহেল রানা। তিনি বলেন, ‘যদিও এটি আন্তর্জাতিক গোল নয়, তারপরও আমার গোলে বাংলাদেশ জিতেছে এতে আমি খুবই খুশি।’

টিফি আর্মি দলে বিদেশি চার জন খেলোয়াড় থাকায় ম্যাচটি বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের অধিনায়ক জামাল ভূঁইয়া। তার ভাষ্য, ‘এটা আমাদের জন্য খুব ভালো ম্যাচ হয়েছে। আমরা কোনো গোল হজম করিনি। বল পজিশন ও আক্রমণে আমরা ভালোই এগিয়ে ছিলাম।’

জামালের সুরে সুর মিলিয়ে জাতীয় দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা বলেন, ‘আমরা গোল হজম করতে চাই না। সাফেও এটা আমাদের অন্যতম উদ্দেশ্য। আজ সেই মিশনেই নেমেছি। আমাদের রক্ষণ খুব ভালো হয়েছে।’

কম্বোডিয়া জাতীয় দলের বিপক্ষে মূল লড়াইয়ে মাঠে নামার আগে আগামী দুই দিন অনুশীলন করবে বাংলাদেশ দল। ভিসা জটিলতায় দুই ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ এবং ইসা ফয়সাল দলের সঙ্গে যেতে না পারলেও মঙ্গলবার সকালে তারা কম্বোডিয়ায় পৌঁছাবেন বলে জানা গেছে।

জাতীয় দলের ম্যানেজার আমের খান কম্বোডিয়া থেকে এক ভিডিও বার্তায় বলেন, ‘আমাদের দুই ফুটবলারের ভিসা হয়েছে। আজ (সোমবার) রাতে তারা রওনা হয়ে আগামীকাল (মঙ্গলবার) সকালে কম্বোডিয়ায় পৌঁছাবে। কম্বোডিয়ায় তাদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়েছে।’

কম্বোডিয়ার বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচ খেলে ১৬ জুন ভারতের উদ্দেশ্যে রওনা হবে বাংলাদেশ দল। এরপর ২১ জুন থেকে ৪ জুলাই পর্যন্ত আট দল নিয়ে ভারতের ব্যাঙ্গালুরুতে মাঠে গড়াবে এবারের সাফের আসর। এবারের সাফ প্রতিযোগিতায় ‘বি’ গ্রুপে লেবানন, মালদ্বীপ ও ভুটানের সঙ্গী বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ২২:০২:১০   ৩৫৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


বিস্ময়বালিকা ১৩ বছরের ইউ’র চোখ এখন অলিম্পিকে
শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়ে বাংলাদেশের প্রথম জয়
এক ইভেন্টেই তিন বিশ্বরেকর্ড ভেঙে দিলেন উত্তর কোরিয়ার অ্যাথলেট
এশিয়া গেমসে রেকর্ড গড়ে শ্রীলঙ্কাকে হারিয়ে সোনা জিতল ভারত
জিম্বাবুয়ের বিপক্ষে ১ উইকেটের রোমাঞ্চকর জয় অস্ট্রেলিয়ার
মাদ্রিদ ডার্বিতে রিয়ালকে হারালো অ্যাথলেটিকো
আট গোলের রোমাঞ্চকর ম্যাচে সান্ডারল্যান্ডকে হারাল ম্যানসিটি
রাফিনিয়া ‘দা লিমা’র টানা দ্বিতীয় হ্যাটট্রিকে ‘পারফেক্ট’ বার্সা
৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার আর্সেনালের
এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের ট্রায়াথলেট হোজো

News 2 Narayanganj News Archive

আর্কাইভ