শ্রীলঙ্কাকে ৯-১ গোলে হারিয়েছে বাংলাদেশ

প্রথম পাতা » খেলাধুলা » শ্রীলঙ্কাকে ৯-১ গোলে হারিয়েছে বাংলাদেশ
শুক্রবার, ১১ জুলাই ২০২৫



শ্রীলঙ্কাকে ৯-১ গোলে হারিয়েছে বাংলাদেশ

তিন ফরম্যাটের পূর্ণাঙ্গ সিরিজ খেলতে শ্রীলঙ্কায় রয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। যেখানে রীতিমতো বিধ্বস্ত হয়ে, টেস্ট ও ওয়ানডের পর টি-টোয়েন্টিতেও সিরিজ হারের দ্বারপ্রান্তে রয়েছে টাইগাররা। কিন্তু উল্টো চিত্র ফুটবলে, সাফের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কা জালে ৯ গোল দিয়ে উড়ন্ত শুরু পেয়েছে বাংলাদেশ। শুক্রবার (১১ জুলাই) বসুন্ধরা কিংস অ্যারেনায় উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কাকে ৯-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে নিজেদের শক্তিমত্তার জানান দেয় স্বপ্না–সাগরিকারা।

সাফ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের এবারের আসরে স্বপ্নের মতো সূচনা করেছে স্বাগতিক বাংলাদেশ। ম্যাচে হ্যাটট্রিক করেন মোসাম্মৎ সাগরিকা। জোড়া গোল করেন মুনকি আক্তার। এছাড়া একটি করে গোল পেয়েছেন স্বপ্না রানী, সিনহা জাহান শিখা, রুপা আক্তার ও শান্তি মার্ডি। দ্বিতীয়ার্ধেই বাংলাদেশ করে ছয়টি গোল।

ম্যাচের শুরুতেই চমক দেখান স্বপ্না রানী। শুরুর বাঁশি বাজার মাত্র এক মিনিটের মাথায় ফ্রি-কিক থেকে গোল করে এগিয়ে দেন দলকে। এরপর তিন মিনিটের ব্যবধানে মুনকি আক্তারের একক নৈপুণ্যে ব্যবধান হয় ২-০।

৩৭ মিনিটে সিনহা জাহান শিখার বাড়ানো ক্রসে সাগরিকার নিখুঁত শটে দলের তৃতীয় গোল আসে। যদিও প্রথমার্ধে আরও দুটি গোল হলেও অফসাইডের কারণে তা বাতিল হয়।

বিরতির পর আরও আগ্রাসী হয়ে ওঠে লাল-সবুজের প্রতিনিধিরা। ৪৮ মিনিটে সাগরিকার অ্যাসিস্টে মুনকি তার দ্বিতীয় গোল করেন। এক মিনিট পর শান্তি মার্ডির লম্বা ক্রসে বল জালে পাঠান সিনহা। এরপর ৫২ ও ৫৮ মিনিটে আরও দুই গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন সাগরিকা।

শেষ দিকে রুপা আক্তার ও শান্তি মার্ডির গোল ব্যবধান ৯-১ করে ফেলে। শ্রীলঙ্কার পক্ষে একমাত্র সান্ত্বনার গোলটি আসে ম্যাচের একেবারে শেষ দিকে লাইয়ানশিকার পা থেকে।
বিজ্ঞাপন

প্রথমে পাঁচটি দেশ নিয়ে টুর্নামেন্ট হওয়ার কথা থাকলেও ভারতের নাম প্রত্যাহারের কারণে চারটি দল, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান নিয়ে এবারের আসর শুরু হয়েছে। নতুন ফরম্যাট অনুযায়ী প্রতিটি দল একে অপরের বিপক্ষে দুইবার করে মুখোমুখি হবে। সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দলই হবে চ্যাম্পিয়ন।

আগামী ১৩ জুলাই নেপালের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর ১৫ ও ১৭ জুলাই ভুটানের বিপক্ষে টানা দুটি ম্যাচে মুখোমুখি হবে তারা। ১৯ জুলাই ফের শ্রীলঙ্কার সঙ্গে এবং ২১ জুলাই নেপালের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচ খেলবে স্বাগতিক দল।

বয়সভিত্তিক সাফ টুর্নামেন্টে বাংলাদেশের মেয়েদের সাফল্যের ইতিহাস দারুণ সমৃদ্ধ। সর্বশেষ ২০২৪ আসরে ভারতের সঙ্গে যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছিল তারা। মোট পাঁচ আসরের মধ্যে চারবারই শিরোপা জিতেছে লাল-সবুজ বাহিনী। এবারও সেই সাফল্যের ধারা ধরে রাখতে চায় কোচ মাহবুব হোসেন রক্সির শিষ্যারা।

বাংলাদেশ সময়: ১৭:৪০:১১   ১৯০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


কমনওয়েলথে রেকর্ড গড়ে সোনা জয় ভারতের মীরবাইয়ের
চার বছর পর প্রতিযোগিতামূলক ম্যাচে গোল করলেন জাপানের ‘কিং কাজু’
সান্ডারল্যান্ডকে হারিয়ে প্রাক-মৌসুম শুরু লিভারপুলের
প্রাক-মৌসুম প্রীতি ম্যাচের সূচি চূড়ান্ত করেছে প্রিমিয়ার লিগ
কোনো এক সময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
নতুন ক্লাবে যোগ দিলেন বিশ্বকাপ মাতানো কেপ ভার্দের সেই গোলরক্ষক
বিশ্বকাপ ফাইনাল কি আবারও খেলা হবে? যা বললেন স্পেন তারকা
নেপালের বিপক্ষে ৩-২ ব্যবধানে বাংলাদেশের সিরিজ জয়
হেটমায়ারে সান্ত্বনার জয় ওয়েস্ট ইন্ডিজের
নতুন কুঁড়ি স্পোর্টস, জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার উদ্বোধন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ