প্রবাসীকে আনতে গিয়ে একই পরিবারের ৭ জন নিহত

প্রথম পাতা » চট্টগ্রাম » প্রবাসীকে আনতে গিয়ে একই পরিবারের ৭ জন নিহত
বুধবার, ৬ আগস্ট ২০২৫



প্রবাসীকে আনতে গিয়ে একই পরিবারের ৭ জন নিহত

নোয়াখালীর বেগমগঞ্জে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে ৭ জন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। নিহতদের সবার পরিচয় তাৎক্ষণিকভাবে জানা না গেলেও, তারা সবাই ওমান প্রবাসী এক ব্যক্তিকে আনতে ঢাকায় গিয়েছিলেন বলে জানা গেছে। তারা সবাই একই পরিবারের সদস্য।

বুধবার (৬ আগস্ট) ভোরে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের আবুল খায়ের চেয়ারম্যান বাড়ির রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা মো. তালহা বিন জসিম।

তিনি বলেন, ভোর ৫টা ৪০ মিনিটের দিকে আলাইয়াপুর ইউনিয়নে চন্দ্রগঞ্জপূর্ব বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস রাস্তার পাশে খালে পড়ে যায়। খবর পেয়ে সকাল ৬টা ৫ মিনিটে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় জানিয়ে তিনি বলেন, চৌমুহনী ফায়ার স্টেশনের ১টি ইউনিট উদ্ধার কাজ করেছে।

জানা গেছে, বিমানবন্দর থেকে ফেরার পথে তারা দুটি গাড়িতে করে লক্ষ্মীপুরের দিকে ফিরছিলেন। একটি প্রাইভেটকার ও একটি হাইস মাইক্রোবাসে তারা ফিরছিলেন। এমন সময় পথে হাইসটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই একই পরিবারের সাতজন নিহত হন।

স্থানীয়রা জানান, ভোর রাতে দুর্ঘটনাটি ঘটে। সে সময় লোকজন কিছু বুঝে উঠতে পারেননি। পরে আলো দেখে আশপাশের মানুষ এগিয়ে এসে মরদেহ উদ্ধারে সহায়তা করেন।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. মোবারক হোসেন ভূঁইয়া বলেন, চালক ঘুমিয়ে পড়ায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। কয়েকজন বের হতে পারলেও সাতজন ভেতরে আটকা পড়ে মারা যান। তাদের মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মো. মনির হোসেন বলেন, আমরা এখন পর্যন্ত দুটি মরদেহ পেয়েছি। ধারণা করা হচ্ছে তারা ঘটনাস্থলেই মারা গেছেন। বাকিদের মরদেহও আসছে, বিস্তারিত পরে বলা যাবে।

এ বিষয়ে বেগমগঞ্জ মডেল থানার ওসি মো. লিটন দেওয়ান বলেন, রেকারের সাহায্যে দুর্ঘটনাকবলিত গাড়িটি খাল থেকে তোলা হয়েছে। ঘটনাস্থলে আর কোনো মরদেহ নেই। ওমান প্রবাসী বেঁচে আছেন। নিহতদের পরিচয় শনাক্তে হাইওয়ে পুলিশ কাজ করছে।

বাংলাদেশ সময়: ১১:২১:০৬   ১৭৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


আ. লীগকে রাজনৈতিক ও প্রশাসনিকভাবে মোকাবেলা করা হবে : পানিসম্পদমন্ত্রী
বান্দরবান শহরকে পরিবেশবান্ধব ও পরিচ্ছন্ন পর্যটন নগরীতে রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে -পার্বত্য মন্ত্রী
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি আটক
ফোন ছিনিয়ে নেওয়ার সময় বাধা দেওয়ায় লাঠি দিয়ে অপ্রতিমের মাথায় আঘাত
তিতাস-২৮ উদ্বোধন: জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস
বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী
আরাফাত রহমান কোকো ছিলেন ক্রীড়াপ্রেমী : কামরুল হুদা
প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম
লক্ষ্মীপুরে তিন হোটেলে ১০ লাখ ২০ হাজার টাকা জরিমানা
২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করা হবে: পানিসম্পদমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ