![]()
শরীয়তপুরের নড়িয়া উপজেলার মোক্তারের চর ইউনিয়নের পোড়াগাছা ব্যাপারী কান্দি এলাকা থেকে বিপুল ককটেল উদ্ধার করেছে যৌথ বাহিনী।
সোমবার (২ ফেব্রুয়ারি) ভোরে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ১২টি বালতিতে রাখা অবস্থায় ৯৫টি ককটেল উদ্ধার করা হয়। এ সময় তিনজনকে আটক করা হয়েছে।
নড়িয়া থানা সূত্র জানায়, পোড়াগাছা ব্যাপারী কান্দি এলাকার একটি বাড়িতে ককটেল মজুত রয়েছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোররাতে অভিযান চালানো হয়। অভিযানে ওই এলাকার পেদা মসজিদের বারান্দাঘরসহ খলিল পেদা, জিলু মাদবর ও বাচ্চু পেদার বাড়ি থেকে বিপুল সংখ্যক ককটেল উদ্ধার করা হয়।
এছাড়া ঘটনাস্থল থেকে টেঁটা ও রামদাসহ বেশ কয়েকটি ধারালো অস্ত্র জব্দ করা হয়েছে। অভিযানে মেহেদী হাসান (২৫), বাচ্চু পেদা (৬০) ও রনি পেদা (১৮) নামে তিনজনকে আটক করে যৌথ বাহিনী।
উদ্ধার ককটেল, ধারালো অস্ত্র ও আটকদের নিয়ে সকাল ৮টার দিকে নড়িয়া থানায় আসেন উপ-পরিদর্শক অখিল রঞ্জন সরকার।
এ বিষয়ে নড়িয়া থানার উপ-পরিদর্শক অখিল রঞ্জন সরকার জানান, গত বছর আগস্ট মাসেও একই এলাকা থেকে ৬০টি ককটেল উদ্ধার করা হয়েছিল, যা পুলিশের অ্যান্টি-টেররিজম ইউনিট নিষ্ক্রিয় করে। এছাড়া পাশের জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের মুলাই ব্যাপারী কান্দি এলাকায় চলতি বছরের ৮ জানুয়ারি ককটেল বিস্ফোরণে তিনজনের মৃত্যু হয়।
তিনি আরও জানান, গত তিন দিনে নড়িয়া উপজেলার বিভিন্ন স্থান থেকে মোট ২২টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বাংলাদেশ সময়: ১৩:৪৩:২৮ ৯ বার পঠিত