ঈদের আগে চড়া মুরগির বাজার, দাম কমেছে সবজির

প্রথম পাতা » কৃষি ও বাণিজ্য » ঈদের আগে চড়া মুরগির বাজার, দাম কমেছে সবজির
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬



ঈদের আগে চড়া মুরগির বাজার, দাম কমেছে সবজির

ঈদকে সামনে রেখে রাজধানীর বাজারে আবারও বাড়তির দিকে নিত্যপণ্যের দাম। বিশেষ করে মুরগি ও গরুর মাংসের বাজারে বেড়েছে দাম। তবে বিপরীত চিত্র দেখা গেছে সবজির বাজারে। ক্রেতা কম থাকায় প্রায় সব ধরনের সবজির দাম কিছুটা কমেছে।

শুক্রবার (১৩ মার্চ) রাজধানীর কারওয়ান বাজারসহ আশেপাশের কয়েকটি বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।

ঈদের বাকি আর মাত্র হাতেগোনা কয়েকদিন। ফলে অনেকেই আগেভাগে বাজার করছেন। এতে ঈদ যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে মুরগির চাহিদা। আর সেই চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে দামও।

বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত এক সপ্তাহ ধরে বাজারে মুরগির দাম ধারাবাহিকভাবে বাড়ছে। সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি মুরগির দাম প্রায় ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে।

বর্তমানে বাজারে ব্রয়লার, সোনালি, লেয়ার ও দেশি-সব ধরনের মুরগির দামই বেড়েছে। সোনালি মুরগি ৩০ টাকা বেড়ে কেজি প্রতি ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে। লেয়ার মুরগি ২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৩১০ টাকায়। দেশি মুরগির দাম ৩০ টাকা বেড়ে হয়েছে ৬৭০ টাকা কেজি। আর ব্রয়লার মুরগি ২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ২২০ টাকায়।

বিক্রেতারা বলছেন, ঈদের আগে সাধারণত মুরগির চাহিদা বেড়ে যায়। কিন্তু এবার সেই চাহিদার তুলনায় সরবরাহ কিছুটা কম। রাজধানীর কারওয়ান বাজারের মুরগি বিক্রেতা জসিম বলেন, ছোট ছোট অনেক খামার বন্ধ হয়ে যাওয়ায় বাজারে আগের মতো মুরগি আসছে না। তার ওপর ঈদ সামনে থাকায় চাহিদাও বেড়েছে। ফলে বাজারে দাম বাড়তি।

মুরগির পাশাপাশি বেড়েছে গরুর মাংসের দামও। বাজার ঘুরে দেখা গেছে, গরুর মাংস কেজি প্রতি ৩০ টাকা বেড়ে এখন ৭৮০ টাকায় বিক্রি হচ্ছে। বিক্রেতারা জানান, ঈদ ঘনিয়ে আসায় মাংসের চাহিদাও কিছুটা বেড়েছে, যার প্রভাব পড়েছে দামে।

অন্যদিকে সবজির বাজারে কিছুটা স্বস্তির খবর মিলেছে। চাহিদা কম থাকায় প্রায় সব ধরনের সবজির দাম কিছুটা কমেছে বলে জানিয়েছেন বিক্রেতারা। বাজার ঘুরে দেখা গেছে, কাঁচা মরিচ এখন বিক্রি হচ্ছে কেজি প্রতি ৬০ থেকে ৮০ টাকায়। এক সপ্তাহ আগেও একই পণ্য বিক্রি হয়েছে ১০০ থেকে ১২০ টাকায়।

বিক্রেতারা বলছেন, ঈদকে সামনে রেখে অনেক ক্রেতা এখন শপিংয়ে ব্যস্ত। আবার অনেকে ঈদের ছুটিতে গ্রামের বাড়ির উদ্দেশে ঢাকা ছাড়ছেন। ফলে বাজারে ক্রেতা উপস্থিতি কমেছে।

সবজি বিক্রেতা আনিস বলেন, এখন বাজারে ক্রেতা কম। অনেকেই কেনাকাটা নিয়ে ব্যস্ত, আবার অনেকেই ঢাকা ছাড়ছেন। এজন্য সবজির চাহিদা কমে গেছে। চাহিদা কম থাকায় দামও কিছুটা কমেছে।

বাংলাদেশ সময়: ১২:১৬:১২   ১৭৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

কৃষি ও বাণিজ্য’র আরও খবর


শতভাগ দেশীয় পণ্য নিয়ে কাল শুরু হচ্ছে ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা : শিল্পমন্ত্রী
সাত দফা কমার পর দেশের বাজারে আজ যে দামে মিলছে সোনা
রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী
ব্যবসা সহজীকরণ ও রপ্তানি বহুমুখীকরণে বিশ্বব্যাংকের সহায়তা চাইল বাংলাদেশ
আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে কমপ্লায়েন্স নিশ্চিত করতে হবে: বাণিজ্যমন্ত্রী
ওমান এবং মালয়েশিয়া থেকে এলএনজি আমদানির প্রস্তাব অনুমোদন
বন্ধ ট্যানারি চালুতে সহায়তা, পরিবেশগত শর্তে কোনো আপস নয়
আমদানি কমিয়ে কৃষিপণ্য রফতানিতে সক্ষমতা বাড়াতে চায় সরকার
সার ব্যবস্থাপনায় অনিয়ম পেলে ডিলারশিপ বাতিল : কৃষিমন্ত্রী
সার ব্যবস্থাপনায় অনিয়ম হলে বিধি অনুযায়ী ব্যবস্থা: কৃষিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ