![]()
বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন ও পর্যটন হাব হিসেবে প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
তিনি বলেছেন, নারীদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া কোনো খাতের টেকসই উন্নয়ন সম্ভব নয়। দেশের বিমান, পর্যটন ও আতিথেয়তা খাতে নারীরা পাইলট, এয়ার ট্রাফিক কন্ট্রোলার, এভিয়েশন ইঞ্জিনিয়ার, কেবিন ক্রু, বিমানবন্দর ব্যবস্থাপক, হোটেল ম্যানেজার ও পর্যটন উদ্যোক্তা হিসেবে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। তাদের দক্ষতা, পেশাদারি ও নেতৃত্ব এই খাতগুলোর অগ্রযাত্রাকে আরো শক্তিশালী করছে।
শনিবার (১৪ মার্চ) রাজধানীর অল কমিউনিটি ক্লাব মিলনায়তনে ‘তৃতীয় এটিজেএফবি এভিয়াট্যুর উইমেনস আইকন অ্যাওয়ার্ড-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
বাংলাদেশের এভিয়েশন ও পর্যটন খাতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশের (এটিজেএফবি) আয়োজনে অ্যাওয়ার্ড অনুষ্ঠানের তৃতীয় আসরে ১০ বিশিষ্ট নারীকে সম্মাননা দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী আরো বলেন, ‘বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বর্তমান সরকার দেশের এই দুটি খাতকে আরো আধুনিক, নিরাপদ এবং আন্তর্জাতিক মানসম্পন্ন করে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে।
আমাদের লক্ষ্য হচ্ছে, বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন ও পর্যটন হাব হিসেবে প্রতিষ্ঠা করা।’
তিনি নারী ক্ষমতায়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করে বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের উন্নয়নের মূলধারায় নারীদের অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পরবর্তীতে বেগম খালেদা জিয়া, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে, নারীর ক্ষমতায়নকে জাতীয় উন্নয়নের অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে প্রতিষ্ঠা করেন। তার নেতৃত্বে নারীদের শিক্ষা, কর্মসংস্থান এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়।
অনুষ্ঠানে পাইলট ক্যাটাগরিতে এয়ার অ্যাস্ট্রার ফার্স্ট অফিসার সাজিদিনা সুলতানা সনি, কেবিন ক্রু ক্যাটাগরিতে নভোএয়ারের হেড অব কেবিন সার্ভিস ফারজানা ইয়াসমিন, সেলস অ্যান্ড মার্কেটিং ক্যাটাগরিতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের সিনিয়র এক্সিকিউটিভ ফারহানা ইয়াসমিন, কাস্টমার সার্ভিস ক্যাটাগরিতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মৌসুমি আক্তার সম্মাননা অর্জন করেন।
এভিয়েশন উদ্যোক্তা ক্যাটাগরিতে বেঙ্গল এয়ারলিফট লিমিটেডের গ্রুপ চেয়ারম্যান ব্যারিস্টার মেহনাজ মান্নান, ইন্সট্রাক্টর ক্যাটাগরিতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ম্যানেজার মুক্তা ওয়াহিদ, পাবলিক রিলেশন্স ক্যাটাগরিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলামকে সম্মাননা দেওয়া হয়।
ট্যুরিজম ক্যাটাগরিতে ট্যুর গাইড হিসেবে রিভারাইন ট্যুরসের গাইড সুমাইয়া তাহমিম বুশরা, কালিনারি ট্যুরিজমে ওয়েস্টিন ঢাকার শেফ আকসা ইকবাল এবং হসপিটালিটি অন্ট্রোপ্রনোয়র ক্যাটাগরিতে রয়াল আরসালান্সের স্বত্বাধিকারী ফারহানা রহমান সম্মানিত হয়েছেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক, নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান, বাংলাদেশে ইথিওপিয়ান এয়ারলাইনসের জেনারেল সেলস এজেন্ট রিদম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সোহাগ হোসেন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সিইও নুজহাত ইয়াসমিন, বেবিচকের সাবেক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান প্রমুখ।
এটিজেএফবির সভাপতি তানজিম আনোয়ারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাতেন বিপ্লবের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংগঠনের নেতারা।
বাংলাদেশ সময়: ২৩:৪৫:৩১ ৯ বার পঠিত