
দুই দলেরই সেমিফাইনাল নিশ্চিত হয়েছে আগেই। লড়াইটা ছিল তাই গ্রুপসেরা হওয়ার।
সেই লড়াইয়ে পিছিয়ে পড়েও দারুণভাবে ঘুরে দাঁড়াল বাংলাদেশ। শেষ পর্যন্ত জয়সূচক গোলটা না পেলেও ভারতকে রুখে দিল লাল-সবুজের প্রতিনিধিরা।
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ‘বি’ গ্রুপের সেরা হতে ভারতের বিপক্ষে জয় দরকার ছিল বাংলাদেশের। ম্যাচটা ১-১ গোলে ড্র হওয়ায় দুই দলই সমান ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব শেষ করেছে। তবে গোল পার্থক্যে এগিয়ে থাকায় ভারত গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে।
মালদ্বীপের রাজধানী মালের জাতীয় স্টেডিয়ামে আজ দুটি গোলই হয়েছে প্রথমার্ধে।
শুরু থেকেই জমে ওঠে লড়াই। বাংলাদেশ চাপ দিতে থাকে ভারতের রক্ষণে। ১২ মিনিটে কর্নারে আশিকুর রহমানের হেড অল্পের জন্য ক্রসবারের ওপর দিয়ে যায়।
খেলার ধারার বিপরীতে ১৭ মিনিটে এগিয়ে যায় ভারত।
কর্নার থেকে হেডে লক্ষ্যভেদ করেন বিশাল যাদব। যোগ করা সময়ে জদ্রিক আব্রামচান্সের প্লেসিং শট লক্ষে থাকেনি। ফলে ব্যবধান দ্বিগুণ করে নিতে পারেনি ভারত।
রেফারির সিদ্ধান্তে অসন্তোষ জানিয়ে ভারতের গোলকিপার কোচ সন্দীপ নন্দী লালকার্ড দেখেন। এর একটু পরই সমতার স্বস্তি ফেরে বাংলাদেশের তাঁবুতে।
রোনান সুলিভানের কর্নারে দূরের পোস্টে থাকা আব্দুল রিয়াদ ফাহিম নিখুঁত প্লেসিং শটে লক্ষ্যভেদ করেন।
দ্বিতীয়ার্ধেও লড়াই হয় হাড্ডাহাড্ডি। ৬৩ মিনিটে বাংলাদেশের ত্রাতা গোলকিপার ইসমাইল হোসেন। দুই ডিফেন্ডারকে কাটিয়ে জায়গা করে নেওয়া ওমাং দুদু শট নেওয়ার আগেই পোস্ট ছেড়ে বেরিয়ে হাত বাড়িয়ে বল কর্নার করে দেন তিনি। নিশ্চিত গোল থেকে বেঁচে যায় বাংলাদেশ।
একটু পর ভারতের স্যামসনকে ফাউল করে হলুদ কার্ড দেখেন ফাহিম। ওমাং দোদুমের ফ্রি কিক রক্ষণ দেয়ালে লেগে পোস্টের অনেক বাইরে দিয়ে যায়। সেই কর্নার ফিরিয়ে ম্যাচে টিকে থাকে বাংলাদেশ।
৮৭ মিনিটে রোনানের শট পোস্টের অনেক বাইরে দিয়ে যায়। বাকি সময়ে বাংলাদেশ পায়নি জয়সূচক গোলের দেখা।
ফাইনালে ওঠার লড়াইয়ে আগামী ১ এপ্রিল নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। একই দিন আরেক সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ ভুটান।
বাংলাদেশ সময়: ২৩:৫৪:৪০ ৫ বার পঠিত