
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়নে ইসমত আরা নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার গুনারীতলা পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের পরিবারের অভিযোগ, এটি একটি হত্যাকাণ্ড এবং শ্বশুরবাড়ির লোকজন ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে গুনারীতলা পশ্চিমপাড়া এলাকায় শ্বশুরবাড়িতে ইসমত আরার মরদেহ পাওয়া যায়। মৃত ইসমত আরার বাবার বাড়ি বালিজুড়ী নামাপাড়া এলাকায়। তিনি কয়েক মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে জানা গেছে। ঘটনার পর থেকেই শ্বশুরবাড়ির লোকজনের আচরণ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গৃহবধূকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। কর্তব্যরত চিকিৎসক জানান, নিহতের গলায় ফাঁসির চিহ্ন বা আঘাতের দাগ রয়েছে। তবে এটি আত্মহত্যা নাকি শ্বাসরোধ করে হত্যা, তা ময়নাতদন্তের আগে নিশ্চিত করে বলা যাচ্ছে না।
নিহতের বাবার বাড়ির লোকজনের দাবি, ইসমত আরাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তাদের অভিযোগ, মৃত্যুর সঠিক কারণ আড়াল করতে শ্বশুরবাড়ির লোকজন ঘটনাটি শুরু থেকেই ধামাচাপা দেওয়ার চেষ্টা চালাচ্ছে। ঘটনার পর থেকে শ্বশুরবাড়ির অনেক সদস্যের রহস্যজনক ভূমিকা দেখা গেছে।
মাদারগঞ্জ থানার ওসি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানান তিনি।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং নিহতের স্বজনরা সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ২২:০১:৪১ ৩৮ বার পঠিত