অবশেষে শুরু হলো চাঁদাবাজির কারণে থমকে যাওয়া ২৮ কোটি টাকার কাজ

প্রথম পাতা » ছবি গ্যালারী » অবশেষে শুরু হলো চাঁদাবাজির কারণে থমকে যাওয়া ২৮ কোটি টাকার কাজ
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬



অবশেষে শুরু হলো চাঁদাবাজির কারণে থমকে যাওয়া ২৮ কোটি টাকার কাজ

চাঁদার দাবিতে হামলা, ভাঙচুর ও শ্রমিকদের মারধরের ঘটনায় দীর্ঘ সময় থমকে থাকার পর অবশেষে শুরু হয়েছে ফেনী শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের ড্রেন নির্মাণসহ একাধিক উন্নয়নকাজ।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বেলা ১২টার দিকে শহরের ফায়ার সার্ভিসের সামনের এলাকায় ফেনী পৌরসভা প্রশাসক রোমেন শর্মা এই কাজের উদ্বোধন করেন।

উদ্বোধনকালে ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার নিশাত তাবাসসুম, ফেনী পৌরসভার নির্বাহী প্রকৌশলী জাকির উদ্দিন, ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী ফৌজুল আজিম এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি সাইফুল ইসলামসহ ফেনী পৌরসভা, এলজিইডি, ও সড়ক ও জনপথ বিভাগের সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পৌরসভা সূত্র জানায়, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) মাধ্যমে ফেনী শহরের ট্রাংক রোডের জিরো পয়েন্ট থেকে মহিপাল পর্যন্ত ড্রেন পুনর্নির্মাণ, ফুটপাত নির্মাণ, ডাক্তারপাড়া, শিল্পকলা একাডেমি সড়ক, জয়নাল আবেদিন সড়ক ও পাঠানবাড়ি রোড উন্নয়নসহ প্রায় ২৮ কোটি টাকার একটি পাইলট প্রকল্পের কার্যাদেশ পায় আরএফএল গ্রুপের প্রতিষ্ঠান প্রোপার্টি ডেভেলপমেন্ট লিমিটেড (পিডিএল)। গত বছরের ২৭ অক্টোবর কার্যাদেশ পেয়ে পাঁচ মাস পেরিয়ে গেলেও প্রকল্পটির কাজ শুরু করা যায়নি।

ঠিকাদারি প্রতিষ্ঠানের অভিযোগ, কাজ শুরু করতে গেলেই তাদের বাধা ও হামলার মুখে পড়তে হয়েছে। চলতি বছরের ১ ফেব্রুয়ারি শিল্পকলা একাডেমি সড়কে কাজ শুরুর পর অনুমতি না নেয়ার অভিযোগ তুলে পানি উন্নয়ন বোর্ড কাজ বন্ধ করে দেয়। একই রাতে প্রকল্পের মালামাল সংরক্ষণাগারে হামলা ও ভাঙচুর চালানো হয়। এরপর ৩ মার্চ ডাক্তারপাড়ায় এবং ৫ এপ্রিল শহীদ শহীদুল্লা কায়সার সড়কে কাজ শুরুর সময় আবারও হামলা চালিয়ে এস্কেভেটর ভাঙচুর ও শ্রমিকদের মারধর করা হয়।

এ ঘটনায় ৬ এপ্রিল ফেনী মডেল থানায় লিখিত অভিযোগ করা হয়। তবে এসব হামলার সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের কেউ প্রকাশ্যে মুখ খুলতে রাজি হননি।

নাম প্রকাশ না করার শর্তে প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা বলেন, ‘কার্যাদেশ স্বাক্ষরের পর থেকেই প্রকল্প বাস্তবায়ন নিয়ে ঝামেলা তৈরি হয়েছে। স্থানীয় বিএনপির একটি পক্ষ তিন কোটি টাকা চাঁদা দাবি করেছে। পরে তারা কাজের ভাগও চেয়েছে। ফেনীতে স্থানীয়ভাবে একাধিক ঠিকাদারও আমাদের প্রতিপক্ষ মনে করছে। এতে তাদেরও ইন্ধন রয়েছে।’

ফেনী বিএনপির কারা এই হামলায় জড়িত জানতে চাইলে ওই কর্মকর্তা বলেন, ‘আমরা কোথাও অভিযোগ করছি না, তাই কারও নাম বলতে চাই না।’ এ বিষয়ে জানতে চাইলে প্রতিষ্ঠানটির উপ-প্রকল্প ব্যবস্থাপক ও স্থানীয় দায়িত্বশীল কর্মকর্তা শাহাদাত হোসেন বলেন, ‘আমি কিছু জানি না, কাউকে চিনি না।’

এর আগে এসব কাণ্ডে ফেনী পৌরসভায় বিশ্বব্যাংক ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে গৃহীত ‘সহনশীল নগর ও আঞ্চলিক উন্নয়ন প্রকল্প (আরইউটিডিপি)’-এর অধীনে হাজার কোটি টাকার সম্ভাব্য উন্নয়ন পরিকল্পনা অনিশ্চয়তার মুখে পড়ে। বিষয়টি নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলে জেলাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয় এবং সংশ্লিষ্ট বিভাগগুলো তৎপর হয়।

ফেনী পৌর প্রশাসক রোমেন শর্মা বলেন, ‘পিডিএলকে কার্যাদেশ দেয়া প্রকল্পটি এই বৃহৎ পরিকল্পনার অন্যতম পাইলট প্রকল্প। এ প্রকল্পের সফল বাস্তবায়নের ওপর নির্ভর করছে আগামী ছয় বছরে ফেনী ক্লাস্টারে কমপক্ষে ৬০০ কোটি থেকে হাজার কোটি টাকার উন্নয়ন পরিকল্পনা। সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় আজ কাজটি উদ্বোধন করা হলো। আশা করছি দ্রুততম সময়ে এটি যথাযথভাবে সম্পন্ন হবে।’

বাংলাদেশ সময়: ১৭:২২:৪৯   ১৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


প্রশাসনের কঠোর নির্দেশে জামালপুরে ফুয়েল কার্ড ছাড়া মিলছে না তেল
ফরিদপুরে পূজা ‌উদযাপন ফ্রন্ট এর উদ্যোগে ভক্তদের প্রসাদ বিতরণ
বিএনপি সবসময় জনগণের পাশে থেকে দেশের উন্নয়নে কাজ করেছে : জাহিদ হোসেন
কামড় দেওয়া জীবিত সাপ নিয়েই হাসপাতালে যুবক
স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ
২ শতাধিক তেল-গ্যাস ক্ষেত্রের খোঁজ পেল চীন
বলিভিয়ায় বাস দুর্ঘটনায় অন্তত ৯ জনের প্রাণহানি
সড়ক নিরাপত্তা বিষয়ে ফরিদপুরে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত
ফরিদপুরে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ দেলোয়ার হোসেনের ইন্তেকাল
অবশেষে শুরু হলো চাঁদাবাজির কারণে থমকে যাওয়া ২৮ কোটি টাকার কাজ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ