
জামালপুর প্রতিনিধি : ‘সুস্থ শ্রমিক কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস উদযাপিত হয়েছে। শুক্রবার (১ মে) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
সকালে উপজেলার বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুনসহ ছোট ছোট মিছিল নিয়ে উপজেলা পরিষদ প্রাঙ্গণে সমবেত হন। পরে সেখান থেকে একটি বিশাল বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা মিলনায়তনে এসে শেষ হয়। র্যালী পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিস আফরোজা আফসানার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ফরিদুল কবীর তালুকদার শামীম।
প্রধান অতিথির বক্তব্যে ফরিদুল কবীর তালুকদার শামীম আক্ষেপ প্রকাশ করে বলেন, “এক সময় সরিষাবাড়ীতে ২৬টি পাটকল সচল ছিল, যেখানে প্রায় ২২ হাজার শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ ছিল। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আজ সেই সকল পাটকল বিলুপ্ত হয়ে গেছে। শ্রমিকের ঘাম ও শ্রমই উন্নয়নের মূল চাবিকাঠি। তাদের অধিকার রক্ষা ও কর্মসংস্থান ফিরিয়ে আনতে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক মোর্শেদ তালুকদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল, উপজেলা বিএনপির সভাপতি আজিমুদ্দিন আহম্মেদ, তারাকান্দি যমুনা সার কারখানা শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সভাপতি শফিকুল ইসলাম এবং উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক বুলবুল আহমেদ প্রমুখ।
আলোচনা সভায় উপস্থিত শ্রমিক নেতারা তাদের বক্তব্যে কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করা এবং ন্যায্য মজুরি প্রদানের দাবি জানান। তারা বলেন, বর্তমান দ্রব্যমূল্যের বাজারে শ্রমিকদের জীবনযাত্রার মানোন্নয়নে বিশেষ নজর দেওয়া জরুরি। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রমিক সংগঠনের কয়েক শতাধিক শ্রমিক উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৪:৩৫:৫৪ ১৭৩ বার পঠিত