পরাজিত শক্তি বিশৃঙ্খলার চেষ্টা করলে রাজপথে প্রতিরোধ করা হবে: ভূমি প্রতিমন্ত্রী

প্রথম পাতা » চট্টগ্রাম » পরাজিত শক্তি বিশৃঙ্খলার চেষ্টা করলে রাজপথে প্রতিরোধ করা হবে: ভূমি প্রতিমন্ত্রী
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬



---

ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘একাত্তরের পরাজিত শক্তি ও ২৪’র পরাজিত শক্তি এক হয়ে দেশে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাদের রাজপথে প্রতিরোধ করা হবে।

তিনি আজ শনিবার দুপুরে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রশাসক ও সাবেক মেয়র ডা. শাহাদাত হোসেনের দায়িত্ব পালনের দুই বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

ব্যারিস্টার মীর হেলাল বলেন, ‘পরাজিত শক্তি দেশে ছোটখাট বিশৃঙ্খলা সৃষ্টি করে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত একটি সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা করলে তারা বোকার স্বর্গে বাস করছে। তাদের বিরুদ্ধে প্রশাসন আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রাজনৈতিকভাবে এসব অপশক্তিকে মোকাবিলা করতে প্রস্তুত আছে।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক ও সাবেক মেয়র ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আলহাজ আবু সুফিয়ান, বিসিবির পরিচালক ইসরাফিল খসরু প্রমুখ।

অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে প্রতিমন্ত্রী মীর হেলাল বলেন, সরকারের উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড সাধারণ মানুষের কাছে তুলে ধরতে হবে। প্রত্যেক নেতাকর্মীকে নিজেদের ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত সরকারের উন্নয়ন কর্মকাণ্ড প্রচার করতে হবে। দিনে অন্তত পাঁচটি পোস্টের মাধ্যমে সরকারের ইতিবাচক উদ্যোগ ও সাফল্য জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পাশাপাশি জেলা পরিষদ ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডও ব্যাপকভাবে প্রচার করা প্রয়োজন। এসব প্রতিষ্ঠানের নেতৃত্বে এখন দলের যোগ্য ও নিবেদিতপ্রাণ ব্যক্তিরা রয়েছেন। তাদের কার্যক্রম জনগণের সামনে তুলে ধরলে নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকারের আন্তরিকতা সম্পর্কে মানুষ জানতে পারবে।

ডা. শাহাদাত হোসেনের কর্মকাণ্ডের প্রশংসা করে মীর হেলাল বলেন, উন্নয়ন কর্মকাণ্ডের সঙ্গে মননশীলতা যুক্ত হলে তা আরও টেকসই ও জনবান্ধব হয়ে ওঠে। ডা. শাহাদাত হোসেন এ ধরনের কাজ করছেন। তিনি সব সময় জনগণের প্রতিনিধিত্ব করেছেন, নগরবাসীর দুঃখ-দুর্দশা বুঝেছেন এবং রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী বিভিন্ন ক্ষেত্রে মানুষের পাশে থেকেছেন। মেয়র হিসেবেও তিনি সফলতার স্বাক্ষর রেখেছেন।

প্রতিমন্ত্রী জানান, তার সংসদীয় আসনের অন্তর্ভুক্ত চসিকের ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ও ২ নম্বর জালালাবাদ ওয়ার্ডে মেয়রের উদ্যোগে প্রায় ১০০ কোটি টাকার উন্নয়নকাজ হয়েছে। অথচ এসব কাজের যথাযথ প্রচার হয়নি। কাজ হওয়ার পরও তা জনগণকে না জানালে সরকারবিরোধী অপপ্রচারকারীরা উন্নয়ন হচ্ছে না বলে যে বক্তব্য দেয়, পরোক্ষভাবে তাদেরই সুযোগ করে দেওয়া হয়।

নগরীর সমস্যা সমাধানে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, চট্টগ্রামের উন্নয়নে কোনো একটি প্রতিষ্ঠানের পক্ষে এককভাবে সবকিছু করা সম্ভব নয়। সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, সিডিএ, সংসদ সদস্য ও রাজনৈতিক নেতাকর্মীদের সমন্বিতভাবে কাজ করতে হবে। নগরের যেকোনো সমস্যা সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে বসে ঐক্যবদ্ধ সিদ্ধান্তের মাধ্যমে সমাধান করা সম্ভব।

নগরীর ফুটপাতের হকার ও যানজট সমস্যা প্রসঙ্গে তিনি বলেন, ফুটপাত দখলমুক্ত করা জরুরি। তবে হকারদের উচ্ছেদ করে কর্মহীন করে দেওয়া সমাধান নয়। তাদের জন্য বিকল্প জায়গায় পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। এতে হকারদের জীবিকা ক্ষতিগ্রস্ত হবে না, একই সঙ্গে নগরবাসী ও নগরে ব্যবসা-বাণিজ্যের প্রয়োজনে আসা মানুষও উপকৃত হবেন।

বাংলাদেশ সময়: ১৯:৩৯:০৬   ২ বার পঠিত  







চট্টগ্রাম’র আরও খবর


‘নগর সরকার’ প্রতিষ্ঠা হলে চট্টগ্রামের উন্নয়ন ত্বরান্বিত হবে: ডা. শাহাদাত
পরাজিত শক্তি বিশৃঙ্খলার চেষ্টা করলে রাজপথে প্রতিরোধ করা হবে: ভূমি প্রতিমন্ত্রী
আমরা সবাই বাংলাদেশি, আমাদের মাঝে কোনো ভেদাভেদ নেই : ধর্ম প্রতিমন্ত্রী
জ্বালানি সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বায়োগ্যাস: ক্রীড়া প্রতিমন্ত্রী
জনকল্যাণ করা জনবান্ধব এই সরকারের একমাত্র লক্ষ্য : মীর হেলাল
উখিয়ায় পুলিশের যৌথ অভিযান: অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১২
টেকনাফে মালয়েশিয়া পাচারের প্রস্তুতিকালে বিজিবির হাতে ৯ জন উদ্ধার
নানা আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় পালিত ৫৫তম জাতীয় সমবায় দিবস
নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ২৯
ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি: নাহিদ ইসলাম

News 2 Narayanganj News Archive

আর্কাইভ