
হামের সংক্রমণ ও টিকার সংকটের কারণ আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সমন্বয়ে তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (১২ মে) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
তথ্য উপদেষ্টা বলেন,
হামের সংক্রমণ এবং বর্তমান সংকটসহ এ সংক্রান্ত সার্বিক পরিস্থিতি নিয়ে একটি তদন্ত হবে। এ নিয়ে তদন্ত করার বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। দেশীয় এবং আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সমন্বয়ে হামের বিষয়ে তদন্ত কমিটি হবে।
ডা. জাহেদ উর রহমান বলেন, হামের কারণে চার শতাধিক শিশু মারা গেছে। এটি বড় বিষয়। কী কারণে হামের টিকার সংকট হয়েছে, টিকা দেয়ার ক্ষেত্রে কোনো অবহেলা ছিল কি না– এসব নিয়েই তদন্ত করা হবে।
‘কোনো অপরাধ তদন্তে উঠে এলে অবশ্যই দায়ীদের শাস্তি দেয়া হবে। হামের চিকিৎসায় সরকারের পক্ষ থেকে আরও সুযোগ-সুবিধা বাড়ানো দরকার’, যোগ করেন তথ্য উপদেষ্টা।
এ ছাড়া তিনি বলেন,
আওয়ামী লীগ ও অন্তর্বর্তী সরকারের সময়ে যেসব চুক্তি হয়েছে, সেগুলো থেকে বের হওয়া যাবে না– সেটি নয়। তবে সেক্ষেত্রে কতগুলো আইনগত বিষয় ও শর্ত আছে। কোনো কোনো চুক্তির কিছু অংশ গোপন রাখার শর্তও থাকে। জনগণের জন্য ক্ষতিকর যেসব চুক্তি হয়েছে, সেগুলোর পর্যালোচনা ও মূল্যায়ন করবে সরকার।
চুক্তি থেকে বের হওয়া কঠিন হলেও এ সরকার এসব চুক্তি নিয়ে মূল্যায়ন অবশ্যই করবে জানিয়ে তথ্য উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে চুক্তি হয়েছে, সেটি বাতিল করলে যে প্রভাব পড়বে, সেটিও বিবেচনায় রাখতে হবে। আবার বাংলাদেশের রফতানি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের বিষয়টি আসতে পারে।
এ সময় তিনি আরও বলেন, দেশে জ্বালানির চাহিদা অনুযায়ী সরবরাহ স্বাভাবিক রয়েছে। কোনো ধরনের জ্বালানি সংকট নেই।
বাংলাদেশ সময়: ১২:৫২:১১ ৬ বার পঠিত