সোমবার, ৮ জুন ২০২৬

বাংলাদেশের জন্য ফের উন্মুক্ত হচ্ছে মরিশাসের শ্রমবাজার

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাংলাদেশের জন্য ফের উন্মুক্ত হচ্ছে মরিশাসের শ্রমবাজার
সোমবার, ৮ জুন ২০২৬



বাংলাদেশের জন্য ফের উন্মুক্ত হচ্ছে মরিশাসের শ্রমবাজার

মরিশাসের বন্ধ থাকা শ্রমবাজার বাংলাদেশের জন্য ফের উন্মুক্ত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। দেশটির শ্রমমন্ত্রী মুহাম্মদ রেজা কাসাম উতিমের সঙ্গে শ্রম ও কর্মসংস্থান, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বৈঠক শেষে এমন তথ্য জানানো হয়েছে।
শ্রমিক নেওয়ার পাশাপাশি বাংলাদেশের টেক্সটাইল খাতেও মরিশাস বিনিয়োগে আগ্রহী বলে জানা গেছে।

সোমবার (৮ জুন) সকাল সাড়ে ৯টায় জেনেভাস্থ জাতিসংঘের কার্যালয়ের সভাকক্ষে এই দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। ১১৪তম আন্তর্জাতিক শ্রম সম্মেলনে অংশ নিতে মন্ত্রী আরিফুল হক চৌধুরী বর্তমানে সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থান করছেন। সেখানে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে শিগগির স্বারক স্বাক্ষরের বিষয়ে দুই দেশের পক্ষ থেকে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

বৈঠকে বাংলাদেশের পক্ষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার, সুইজারল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত ও বাংলাদেশের স্থায়ী মিশনের প্রতিনিধি নাহিদা সোবহান, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ শামছুল ইসলাম, সিনিয়র সহকারি সচিব মো. মাহবুবুল ইসলাম, বাংলাদেশ মিশনের প্রথম সচিব মো. আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।

বৈঠকে মরিশাসের শ্রমমন্ত্রী মুহাম্মদ রেজা কাসাম উতিম বলেন, ‘বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নেওয়ার বিষয়ে মরিশাসের আগ্রহ রয়েছে। বিশেষ করে টেক্সটাইল শিল্পের জন্য দক্ষ কর্মী প্রয়োজন।
’ এ সময় দেশটির শ্রমবাজার পুনরায় চালুর বিষয়ে সমঝোতা স্মারকের খসড়া বাংলাদেশে শিগগির পাঠানোর আশ্বাস দেন দেশটির শ্রমমন্ত্রী। পাশাপাশি বাংলাদেশের টেক্সটাইল খাতে বিনিয়োগের বিষয়ে মরিশাস সরকারের আগ্রহের কথা জানান।

মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, ‘বাংলাদেশ থেকে মরিশাসে জনশক্তি প্রেরণের বিষয়ে সমঝোতা স্মারক দ্রুত স্বাক্ষর করার বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণের জন্য মরিশাস সরকারকে অনুরোধ করেছি।

তিনি আরো বলেন, ‘টেক্সটাইল শিল্প ছাড়াও অন্যান্য পেশা যেমন- চিকিৎসক, প্রকৌশলী, নার্স, অ্যাকাউন্টেন্ট ইত্যাদি দক্ষ জনশক্তি প্রেরণে বাংলাদেশ সরকারের আগ্রহের কথাও জানিয়েছে।’ এ সময় তিনি মরিশাসের শ্রম মন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

এর আগে শুরুতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে মরিশাস সরকাকে শুভেচ্ছা জানান আরিফুল হক চৌধুরী।

বাংলাদেশ সময়: ২৩:০৪:৪৩   ১৩ বার পঠিত