![]()
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পাঁচুড়িয়া ইউনিয়নের যোগীবরাট ভেন্নাতলা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের পরিবার ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে সরকারি অনুদানের চেক বিতরণ করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বরাদ্দ থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা শাখার মাধ্যমে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়।
বুধবার (২ জুলাই) দুপুরে ভেন্নাতলা বাজার প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে ক্ষতিগ্রস্তদের হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত নূর মৌসুমী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য ড. মো. ইলিয়াস মোল্যা। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রাহানুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সাগর হোসেন সৈকত, জামায়াতের নায়েবে আমির ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা এস এম রিদওয়ানুন্নবী রেদওয়ান, বাংলাদেশ জামায়াতে ইসলামী আলফাডাঙ্গা উপজেলা শাখার সেক্রেটারি এস. এম. হাফিজুর রহমান, স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও সুধীজন।
অনুষ্ঠানে অগ্নিকাণ্ডে নিহত ভ্যানচালক বাবুল মোল্যার স্ত্রী রোজিনা পারভিনের হাতে ২৫ হাজার টাকার সরকারি অনুদানের চেক তুলে দেওয়া হয়। পাশাপাশি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পাঁচজন দোকান মালিকের প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ২৫ হাজার টাকার অনুদান প্রদান করা হয়। এছাড়াও প্রধান অতিথি ড. মো. ইলিয়াস মোল্যা তাঁর ব্যক্তিগত তহবিল থেকেও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে আর্থিক সহায়তা তুলে দেন।
প্রধান অতিথির বক্তব্যে এমপি ড. মো. ইলিয়াস মোল্যা বলেন, সরকার সবসময় দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে রয়েছে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে। তিনি বাজারে নিরাপদ বৈদ্যুতিক সংযোগ নিশ্চিত করা এবং অগ্নি-নিরাপত্তা ব্যবস্থা জোরদারে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত নূর মৌসুমী বলেন, ক্ষয়ক্ষতির তালিকা যাচাই-বাছাই শেষে দ্রুত সময়ের মধ্যেই সরকারি অনুদান বিতরণের ব্যবস্থা করা হয়েছে। ভবিষ্যতেও যেকোনো দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে উপজেলা প্রশাসন আন্তরিকতার সঙ্গে কাজ করবে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সাগর হোসেন সৈকত বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বরাদ্দের আওতায় ক্ষতিগ্রস্তদের মাঝে এ অনুদান বিতরণ করা হয়েছে। সরকারের নির্দেশনা অনুযায়ী ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন কাজ করে যাচ্ছে।
উল্লেখ্য, গত ১৮ জুন ভোরে ভেন্নাতলা বাজারে বৈদ্যুতিক গোলযোগ থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন বাজারের একাধিক দোকানে ছড়িয়ে পড়ে। এ সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভ্যানচালক বাবুল মোল্যা নিহত হন এবং পাঁচজন আহত হন। আগুনে বাজারের অন্তত পাঁচটি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়। ফায়ার সার্ভিসের প্রাথমিক হিসাব অনুযায়ী, এ ঘটনায় প্রায় ১৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বাংলাদেশ সময়: ২২:৩৪:৫৪ ৭ বার পঠিত