![]()
জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে ১২ গ্রাম হেরোইনসহ ফিরোজ মিয়া (৩৮) নামে এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার (২৪ আগস্ট) ভোরে উপজেলার ভবানীপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা।
পুলিশ জানায়, রবিবার রাতে নিয়মিত টহল ডিউটি চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে এক পরোয়ানাভুক্ত আসামী ভবানীপুর গ্রামে অবস্থান করছে। সংবাদের সত্যতা যাচাই করে ভোরে আসামী ফিরোজ মিয়ার বসতবাড়ি সংলগ্ন কাঁচা রাস্তায় অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে সংগীয় ফোর্সের সহায়তায় ফিরোজকে হাতেনাতে আটক করা হয়। তবে তার সাথে থাকা অপর দুই সহযোগী কৌশলে পালিয়ে যায়।
পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে ফিরোজের পরহিত লুঙ্গির কোঁচ থেকে সাদা পলিথিনে মোড়ানো ১২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফিরোজ স্বীকার করেছে যে, সে পলাতক আসামী মোঃ লাভলু মিয়া (৪২) ও হুমায়ুনের (৩৮) সহায়তায় বিভিন্ন স্থান থেকে হেরোইন সংগ্রহ করে এলাকায় বিক্রি করে আসছিল।
সরিষাবাড়ী থানার তথ্যমতে, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আগের একটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
সোমবার সকালে ধৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ৮(খ)/৪১ ধারায় নতুন মামলা রুজু করে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামীকে জেলহাজতে পাঠানোর আবেদন জানিয়েছে পুলিশ।
বাংলাদেশ সময়: ২২:৪০:৩২ ৯ বার পঠিত