![]()
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, ‘মোবাইল আসক্তি থেকে আপনাদের ফিরে আসতে হবে। বইয়ে মনোযোগ দিতে হবে।’
সোমবার (২৪ আগস্ট) বিকেলে নলুয়ায় এসএসসি ২০২৬ উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাধান-১৮ সংগঠন এ অনুষ্ঠানের আয়োজন করে।
সাখাওয়াত হোসেন খান বলেন, ‘আমার ওয়াইফও একজন লইয়ার। সেও সকালে আদালতে যায়, মামলা করে। আমিও একসময় আদালতে যেতাম। সে সকালে আগে উঠে আমার জন্য রান্না করে। আমি খাওয়াদাওয়া করে অফিসে যাই, তারপর সে অফিসে যায়।’
তিনি বলেন, ‘বাংলাদেশ এমন একটি সময়ের মধ্য দিয়ে যাচ্ছে, এমন সুযোগ একটি জাতির জীবনে প্রতি ষাট বছর পরপর আসে। এমন একটা সময়ে বাংলাদেশ এসেছে।’
তিনি আরও বলেন, ‘উন্নত দেশগুলোতে জনসংখ্যা বৃদ্ধির হার অনেক কম। কোনো কোনো দেশে জনসংখ্যা কমছে এবং তাদের যুবকদের সংখ্যাও কম। অন্যদিকে বর্তমানে বাংলাদেশের বেশিরভাগ জনসংখ্যাই যুবক। এমন সুযোগ জাপান পেয়েছিল। তারা সেই সুযোগ কাজে লাগিয়ে আজ পৃথিবীর উন্নত দেশ।’
সমাধান-১৮ ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির ১৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক আল আরিফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন নারায়ণগঞ্জ মহানগর কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি ও মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। অনুষ্ঠানে সাংস্কৃতিক ব্যক্তিত্ব জহিরুল ইসলাম জহির, মহানগর মহিলা দলের সভাপতি দিলারা মাসুদ ময়নাসহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২৩:২৬:২০ ৮ বার পঠিত