
কালকিনি প্রতিনিধি : মাদারীপুরের কালকিনি উপজেলার কয়ারিয়া ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে বইছে কিছুটা নির্বাচনী হাওয়া। এলাকা থেকে শুরু করে পাড়া-মহল্লায় এখন প্রধান আলোচনার বিষয় সম্ভাব্য প্রার্থীরা। স্থানীয় সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের তালিকায় রয়েছেন অন্তত ৫ জন হেভিওয়েট প্রার্থী।
তালিকায় থাকা সম্ভাব্য প্রার্থীরা হলেন— বর্তমান চেয়ারম্যান মোঃ কামরুল হাসান নূরমোহাম্মদ মোল্লা, মোস্তাফিজুর রহমান আকন, মোশারেফ চৌধুরী, মোঃ মোবিন উদ্দিন মোবিন মাল এবং এইচ.এম নেছারউদ্দিন সৌদি প্রবাসী।
নির্বাচনী আবহ চাঙ্গা হয়ে উঠলেও স্থানীয় ভোটারদের মুখে মুখে ঘুরেফিরে আসছে বর্তমান পরিষদের বিগত দিনের উন্নয়নচিত্র। সাধারণ মানুষের ভাষ্যমতে, কয়ারিয়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডেই দৃশ্যমান যোগাযোগ বিপ্লব ঘটেছে। বিগত মেয়াদে ইউনিয়নটির বাঁশের সাঁকো ও নড়বড়ে কাঠের পোল সরিয়ে প্রায় ৪০ থেকে ৫০টি ছোট-বড় কালভার্ট নির্মাণ করা হয়েছে।
এক সময় যেসব গ্রামীণ কাঁচা ও খালের ওপরের পথ দিয়ে সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হতো, এখন সেখানে পাকা ও টেকসই কালভার্ট তৈরি হওয়ায় যাতায়াত সহজ হয়েছে। বিশেষ করে ৯টি ওয়ার্ডের কৃষিপণ্য হাটে তোলা এবং কোমলমতি শিক্ষার্থীদের স্কুলে যাতায়াতে স্বস্তি ফিরে এসেছে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, বহু বছরের কাঙ্ক্ষিত এসব উন্নয়ন বাস্তবায়িত হওয়ায় এলাকার সার্বিক চিত্র বদলে গেছে। আসন্ন নির্বাচনে প্রার্থীদের যোগ্যতা বিচারের ক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থার এই অভূতপূর্ব পরিবর্তন ও সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড ভোটারদের সিদ্ধান্তের ক্ষেত্রে বড় প্রভাব ফেলবে বলে মনে করছেন সচেতন মহল।
বাংলাদেশ সময়: ১৭:১৮:৫৭ ২৬ বার পঠিত