![]()
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ভোজ্যতেলের বোতলে পরিমাপে কারচুপি, অবৈধভাবে তেল বিক্রয় ও বিতরণ, বিএসটিআইয়ের সিএম লাইসেন্স নবায়ন না করে পণ্য উৎপাদন ও বিক্রয় এবং মোড়কজাত সনদ না থাকার অপরাধে দুই প্রতিষ্ঠানকে মোট ৪ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সোনারগাঁও উপজেলার বিভিন্ন এলাকায় বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে।
অভিযানে বিসিক শিল্পনগরী কাঁচপুর এলাকার এন এস ব্রাদার্সকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটি ফর্টিফাইড সয়াবিন তেলের বোতল প্রস্তুত, সয়াবিন তেল মোড়কজাত ও বাজারজাত করে আসছিল। অভিযানে ৫ লিটার ও ২ লিটার ধারণক্ষমতার বোতলে যথাক্রমে ৫০ ও ২৫ মিলিলিটার করে তেল কম পাওয়া যায়।
এ ছাড়া পণ্য মোড়কজাত বিধিমালা লঙ্ঘন করে ৯৩০ মিলিলিটার আকারের বোতলে অবৈধভাবে তেল সরবরাহের উদ্দেশ্যে বিক্রয় ও বিতরণের প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়।
অন্যদিকে, সোনারগাঁওয়ের মহাজমপুর এলাকার সিগমা অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে দুটি মামলায় মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বিএসটিআইয়ের সিএম সনদ নবায়ন না করেই ইন্টারনাল কম্বাশন ইঞ্জিন অয়েল পণ্যে বিএসটিআইয়ের লোগো ব্যবহার করে উৎপাদন, বিক্রয় ও বিতরণ করায় প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া সংশ্লিষ্ট পণ্যের মোড়কজাত সনদ না থাকায় আরও ১ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণ এবং বিএসটিআইয়ের সিএম লাইসেন্স নবায়নের নির্দেশনা দেওয়া হয়েছে।
র্যাব-১১-এর সহযোগিতায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন বিএসটিআই প্রধান কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবেকুন নাহার। অভিযানে সহযোগিতা করেন বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, নারায়ণগঞ্জের উপপরিচালক কে. এম. হানিফ ও সহকারী পরিচালক মো. রাকিবুল আলম।
বিএসটিআই জানিয়েছে, জনস্বার্থে ভেজাল ও নিম্নমানের পণ্য, পরিমাপে কম দেওয়া, অনুমোদন ছাড়া বিএসটিআইয়ের মানচিহ্ন ব্যবহার এবং পণ্য মোড়কজাতকরণে অনিয়মের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত ও বাজার তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ২৩:২৬:৩০ ৪ বার পঠিত