ফসলি জমি রক্ষা ও অবৈধ দখল প্রতিরোধে কঠোর পদক্ষেপের ঘোষণা ভূমিমন্ত্রীর

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফসলি জমি রক্ষা ও অবৈধ দখল প্রতিরোধে কঠোর পদক্ষেপের ঘোষণা ভূমিমন্ত্রীর
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬



ফসলি জমি রক্ষা ও অবৈধ দখল প্রতিরোধে কঠোর পদক্ষেপের ঘোষণা ভূমিমন্ত্রীর

দেশের ফসলি জমি ও সরকারি-বেসরকারি সম্পত্তি ভূমিদস্যুদের হাত থেকে রক্ষায় কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।

তিনি বলেছেন, যেকোনো মূল্যে দেশের কৃষিজমি ও সরকারি-বেসরকারি সম্পত্তি অবৈধ দখলদারদের হাত থেকে রক্ষা করা হবে। এ ক্ষেত্রে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।

আজ ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী দেশের বিভাগীয় কমিশনারদের এ নির্দেশনা দেন।

ভূমিমন্ত্রী বলেন, অপরিকল্পিত নগরায়ন, কৃষিজমির অনিয়ন্ত্রিত ব্যবহার এবং অবৈধ দখলের কারণে দেশের ভূমি ব্যবস্থাপনা যেমন সংকটের মুখে পড়ছে, তেমনি খাদ্য নিরাপত্তার জন্যও বড় ধরনের ঝুঁকি তৈরি হচ্ছে।

ফসলি জমি রক্ষার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে জানিয়ে তিনি বলেন, কোনো ব্যক্তি, গোষ্ঠী বা প্রভাবশালী মহল যাতে অবৈধভাবে কৃষিজমি, খাসজমি কিংবা সাধারণ মানুষের সম্পত্তি দখল করতে না পারে, সে বিষয়ে মাঠ প্রশাসনকে কার্যকর ভূমিকা পালন করতে হবে।

তিনি বলেন, দেশের বিভিন্ন এলাকায় একটি শক্তিশালী ভূমিদস্যু সিন্ডিকেট দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের জমি এবং সরকারি খাসজমি জবরদখল করে আসছে। নানা ধরনের প্রভাব ও কৌশল ব্যবহার করে এসব চক্র ভূমি দখলের মাধ্যমে মানুষের সম্পত্তি থেকে তাদের বঞ্চিত করছে। এ ধরনের অপতৎপরতা বন্ধ করতে মাঠ প্রশাসনকে আরও কঠোর, সক্রিয় ও দায়িত্বশীল হতে হবে।

ভূমিমন্ত্রী বলেন, ভূমিদস্যুদের বিরুদ্ধে শুধু অভিযান পরিচালনা করলেই হবে না, তাদের দখলদারির পেছনে থাকা পুরো চক্রকে চিহ্নিত করতে হবে। সরকারি সম্পত্তি রক্ষার পাশাপাশি সাধারণ মানুষের মালিকানাধীন জমি যাতে কোনোভাবেই অবৈধ দখলে চলে না যায়, তা নিশ্চিত করতে হবে।

এজন্য বিভাগীয় কমিশনারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিজ নিজ এলাকায় ভূমি ব্যবস্থাপনার বিষয়ে নিয়মিত তদারকি বাড়ানোর নির্দেশ দেন তিনি।

মন্ত্রী বলেন, দেশের কৃষিজমি কমে গেলে ভবিষ্যতে খাদ্য উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হবে। ফলে কৃষিজমি রক্ষার সঙ্গে দেশের খাদ্য নিরাপত্তা ও ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থ সরাসরি জড়িত। অপরিকল্পিত নগরায়ন ও শিল্পায়নের নামে যাতে নির্বিচারে ফসলি জমির ব্যবহার না হয়, সে বিষয়েও সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, বর্তমান গণতান্ত্রিক, রাজনৈতিক ও নির্বাচিত সরকার মাঠ প্রশাসনের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের দোরগোড়ায় নাগরিক সেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর। জনগণ যাতে ভূমিসংক্রান্ত সেবা পেতে কোনো ধরনের হয়রানি বা জটিলতার শিকার না হন, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

ভূমি প্রতিমন্ত্রী বলেন, মাঠ প্রশাসনের সঙ্গে যুক্ত কর্মকর্তাদের মনে রাখতে হবে, তারা জনগণের সেবক। প্রশাসন কোনোভাবেই শাসকের ভূমিকায় থাকবে না; বরং জনগণের প্রকৃত সেবক হিসেবে কাজ করবে। সাধারণ মানুষ যেন সরকারি দপ্তরে এসে সম্মানজনক ও সহজ পরিবেশে সেবা পান, তা নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, বাংলাদেশের ১৮ কোটি মানুষই এ দেশের প্রকৃত মালিক। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সবসময় এই বিষয়টি নিজেদের মনস্তত্ত্বে ধারণ করতে হবে। জনগণের করের অর্থে রাষ্ট্রের প্রশাসনিক কাঠামো পরিচালিত হয়। তাই জনগণের প্রতি দায়বদ্ধতা থেকেই সরকারি কর্মচারীদের দায়িত্ব পালন করতে হবে।

ভূমি প্রতিমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, একটি কার্যকর, স্বচ্ছ ও জনবান্ধব ভূমি ব্যবস্থাপনা গড়ে তুলতে সংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

ভূমিসেবা গ্রহণের ক্ষেত্রে সাধারণ মানুষ যাতে কোনো ধরনের হয়রানি, দুর্নীতি বা অনিয়মের শিকার না হন, সে বিষয়ে কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।

তিনি বলেন, জনগণের সেবাকে দায়িত্ব হিসেবে নয়, বরং নৈতিক কর্তব্য হিসেবে বিবেচনা করতে হবে। ভূমি অফিসগুলোতে সেবার মান বাড়ানোর পাশাপাশি মানুষের আস্থা ফিরিয়ে আনতে হবে।

সরকারি সম্পত্তি রক্ষা, অবৈধ দখল প্রতিরোধ এবং ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে মাঠ প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ সভাপতিত্বে সভায় দেশের সব বিভাগের বিভাগীয় কমিশনার এবং ভূমি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় দেশের ভূমি ব্যবস্থাপনা, সরকারি সম্পত্তি সংরক্ষণ, অবৈধ দখল প্রতিরোধ, ফসলি জমি রক্ষা এবং জনগণকে দ্রুত ও হয়রানিমুক্ত ভূমিসেবা দেওয়ার বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

সমন্বয় সভায় দেওয়া নির্দেশনার মাধ্যমে ভূমি রক্ষা ও অবৈধ দখল প্রতিরোধে মাঠ প্রশাসনের কার্যক্রম আরও জোরদার করার পাশাপাশি দেশের কৃষিজমি সংরক্ষণে সরকারের কঠোর অবস্থানের বিষয়টি স্পষ্ট করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:৩২:০৮   ৬ বার পঠিত  




ছবি গ্যালারী’র আরও খবর


এমবাপ্পের জোড়া গোলে জিতল রিয়াল
হাসিনার আমলে বিরোধীদের বেঁচে থাকার অধিকার ছিল না: রিজভী
সাবালেঙ্কাকে হারিয়ে ইউএস ওপেনের নতুন রানি রিবাকিনা
রায়ার বীরত্ব ও ১২১ সেকেন্ডের রূপকথায় শীর্ষে আর্সেনাল
দেশে সারের সংকট নেই, বিতরণে মনিটরিং জোরদারের নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর
ফ্রান্সের ৩ সিনেটরের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠক
গত ১৭ বছরে বহু প্রতিষ্ঠান দলীয়করণের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে
স্থানীয় সরকার নির্বাচন স্বচ্ছ হবে : প্রতিমন্ত্রী পুতুল
স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থিতায় শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয়: মীর শাহে আলম
পার্বত্য শিক্ষার্থীদের স্বপ্ন যেন অসাধু ব্যক্তির কর্মকাণ্ডে নষ্ট না হয় : পার্বত্য মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ