
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু বলেছেন, পার্বত্য অঞ্চলের কোনো শিক্ষার্থী যেন ভুল তথ্যের শিকার না হয়, কোনো অভিভাবক যেন প্রতারণার শিকার না হন এবং কোনো শিক্ষার্থীর স্বপ্ন যেন অসাধু ব্যক্তির কর্মকাণ্ডে নষ্ট না হয়- এ বিষয়ে সবাইকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি বলেন, একটি দেশের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে তার মানবসম্পদ। পাহাড় ও সমতলের সব শিক্ষার্থীর জন্য সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করা প্রয়োজন। পার্বত্য অঞ্চলের কোনো মেধাবী শিক্ষার্থী যেন ভৌগোলিক বা অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে বিদেশে উচ্চশিক্ষার সুযোগ থেকে বঞ্চিত না হয়, তা নিশ্চিত করা সবার সম্মিলিত দায়িত্ব।
শনিবার রাতে রাজধানীর একটি হোটেলে ফরেন এ্যাডমিশন এ্যান্ড কেরিয়ার ডেভেলপমেন্ট কনসালটেন্টস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এফএসিডি-সিএবি)-এর নির্বাহী কমিটি ২০২৫-২০২৭’র এক বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘পরিবর্তনের এক বছর’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বর্তমান বিশ্বে উচ্চশিক্ষা আর কোনো দেশের সীমানার মধ্যে সীমাবদ্ধ নেই। আমাদের সন্তানরা বিশ্বের উন্নত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবে, আধুনিক প্রযুক্তি ও জ্ঞান অর্জন করবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।
তিনি বলেন, ‘বিদেশে উচ্চশিক্ষা পরামর্শক খাতে স্বচ্ছতা, জবাবদিহিতা, নৈতিকতা ও পেশাদারিত্ব নিশ্চিত করতে হবে।’
পাহাড়ের শিক্ষার্থীদের জন্য বিশেষ গুরুত্বারোপ করে মন্ত্রী সাচিং প্রু বলেন, পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চলে অনেক মেধাবী শিক্ষার্থী থাকা সত্ত্বেও সঠিক দিকনির্দেশনা ও তথ্যের অভাবে তারা আন্তর্জাতিক উচ্চশিক্ষার সুযোগ থেকে পিছিয়ে পড়ছে।
তিনি পার্বত্য অঞ্চলের শিক্ষার্থীদের জন্য বিদেশে উচ্চশিক্ষায় বিশেষ স্কলারশিপ, আর্থিক সহায়তা, বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংযোগ স্থাপন, ভর্তি ও ভিসা কাউন্সেলিং এবং আইইএলটিএস প্রস্তুতিতে সহায়তার ওপর জোর দেন। পাহাড়ি ও সমতলের শিক্ষার্থীদের মধ্যে বৈষম্য দূর করে একটি সমৃদ্ধ, শিক্ষিত ও দক্ষ বাংলাদেশ গড়ার আহ্বান জানান মন্ত্রী।
বিদেশে উচ্চশিক্ষা পরামর্শক খাতের স্বচ্ছতা ও নৈতিকতার বিষয়ে মন্ত্রী বলেন, শিক্ষার্থী ও অভিভাবকদের সঠিক তথ্য ও সেবা নিশ্চিত করা জরুরি। স্বচ্ছতা ও পেশাগত মান বজায় রাখলে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় নীতিগত ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা দেওয়া হবে।
অনুষ্ঠানে এফএসিডি-সিএবি’র আহ্বায়ক জি এম ফারুক, সভাপতি জুলফিকার আলী জুয়েল ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান বক্তব্য দেন। আমন্ত্রিত বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ড. রফিকুল ইসলাম হিলালী এমপি ও সেলিনা সুলতানা নিশিতা এমপি।
এ সময় সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ, সদস্য, একাডেমিক এবং বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৬:৩৩:০৭ ২ বার পঠিত