
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন, এমপি বলেছেন, আড়িয়াল খাঁ নদীর ভাঙনরোধে জরুরি ভিত্তিতে শিগগিরই বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে।
বরিশালের গৌরনদী উপজেলার মিয়ারচর লঞ্চঘাট এলাকা পরিদর্শনকালে তিনি আজ এসব কথা বলেন।
এ সময় কিছু জিও ব্যাগ নদীভাঙনকবলিত এলাকায় ফেলানো হয়।
জহির উদ্দিন স্বপন বলেন, নদী ভাঙন রোধে আমরা চেষ্টা করে যাচ্ছি। এ ছাড়া সারা দেশের নদী ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছেন। জরুরি ভিত্তিতে ভাঙন প্রতিরোধ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, আড়িয়াল খাঁ নদী এলাকার মানুষের দৈনন্দিন জীবনে একটি যুদ্ধ হচ্ছে ভাঙন মোকাবিলা করা।
এ সময় তিনি স্থানীয় জনগণের জানমাল রক্ষায় যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য পানি উন্নয়ন বোর্ডের প্রতি নির্দেশনা দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ ইব্রাহীম, বরিশাল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জাবেদ ইকবাল, উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্যসচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন শরীফ, সদস্যসচিব শফিকুর রহমান শরীফ স্বপনসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন ।
বাংলাদেশ সময়: ২২:৪৬:০০ ১১ বার পঠিত