
ঢাকার বায়ুদূষণ, অপরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের নেতৃত্বে নগরের সব শিক্ষার্থীকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
শনিবার (৩ অক্টোবর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্র কেন্দ্র (টিএসসি) এলাকায় ডিএসসিসির সাপ্তাহিক ‘ক্লিনিং ডে’ এবং বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
ডিএসসিসি প্রশাসক বলেন, বাংলাদেশের ইতিহাসে ঢাকা বিশ্ববিদ্যালয় সব সময় জাতিকে পথ দেখিয়েছে। বর্তমান বায়ুদূষণ ও অপরিচ্ছন্ন পরিবেশ থেকে বেরিয়ে আসতে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের নেতৃত্ব দিতে হবে।
তিনি বলেন, শহীদ মিনার, টিএসসি ও শাহবাগের মতো জাতীয় গুরুত্বপূর্ণ স্থানগুলোর পরিচ্ছন্নতা বজায় রাখা সবার দায়িত্ব।
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পরিচ্ছন্নতা রক্ষায় ডিএসসিসির পক্ষ থেকে ২০০টি ডাস্টবিন স্থাপন করা হয়েছে জানিয়ে তিনি বলেন, প্রয়োজনে সিটি করপোরেশনের পক্ষ থেকে পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ দেওয়া হবে।
অনুষ্ঠানে ডিএসসিসি ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যৌথ উদ্যোগে বৃক্ষরোপণ, ফগার মেশিন বিতরণ ও মশক নিধন কার্যক্রমের কথা তুলে ধরা হয়। একই সঙ্গে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে টিএসসি থেকে একটি জনসচেতনতামূলক র্যালি বের হয়। র্যালিটি কলা ভবনের অপরাজেয় বাংলার পাদদেশে গিয়ে শেষ হয়।
পরে সেখানে ডিএসসিসির স্থাপন করা ২০০টি ডাস্টবিনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম এবং ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ইসরাফিল রতন।
এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনের নেতৃত্বে সাধারণ শিক্ষার্থীরা কর্মসূচিতে অংশ নেন।
‘ক্লিনিং ডে’ উপলক্ষে রাজধানীর মুগদায়ও জনসচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
বিশেষ অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
সমাবেশ শেষে অতিথিরা ওয়াসা রোড প্রান্তের মান্ডা খাল পরিদর্শন করেন এবং বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানে অংশ নেন। পরে হায়দার আলী স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন।
সাপ্তাহিক ‘ক্লিনিং ডে’র অংশ হিসেবে ডিএসসিসির ৭৫টি ওয়ার্ডে একযোগে বিশেষ পরিচ্ছন্নতা, মশক নিধন অভিযান ও সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে।
আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের নেতৃত্বে স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ মানুষের অংশগ্রহণে এসব কর্মসূচি পরিচালিত হয়। এ সময় মশার ওষুধ ছিটানোসহ বিভিন্ন পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়।
বাংলাদেশ সময়: ১৭:০৪:৫০ ৫ বার পঠিত