
মেয়েদের নেতৃত্ব, সৃজনশীলতা, শৃঙ্খলা ও আত্মনির্ভরশীলতার বিকাশে দীর্ঘ ১১ বছর পর শুরু হয়েছে বাংলাদেশ গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশনের ১৩তম জাতীয় গাইড ক্যাম্প-২০২৬। প্রকৃতির মাঝে তাঁবু বাস ও বিভিন্ন সহশিক্ষামূলক কার্যক্রমের মধ্য দিয়ে ৩ থেকে ৯ অক্টোবর পর্যন্ত সাত দিনব্যাপী এ ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে।
আজ রবিবার সকালে গাজীপুরের কালিয়াকৈরের বাড়ইপাড়ার জাতীয় ক্যাম্পে আনুষ্ঠানিকভাবে ক্যাম্পের আনুষ্ঠিানিক উদ্বোধন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়া পরিবেশ সুরক্ষার ওপর গুরুত্বারোপ করে বলেন, প্রধানমন্ত্রীর স্বপ্ন বাংলাদেশ একদিন সবুজে ভরে উঠবে, হবে পরিষ্কার-পরিচ্ছন্ন। এখানকার জেলা প্রশাসক হিসেবে প্রধানমন্ত্রীর এই ইচ্ছা বাস্তবায়নে তার পক্ষ থেকে গার্লস গাইডদের চলমান পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে যুক্ত থেকে অবদান রাখার আহ্বান জানাচ্ছি।
তিনি বলেন, বর্তমানে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব মোকাবেলায় সরকার ব্যাপক পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেছে।
গাজীপুর জেলায় এই কার্যক্রমে তোমরা গার্লস গাইডরা নেতৃত্ব দেবে এই প্রত্যাশা রাখি। সবুজের বাংলাদেশ বিনির্মাণে গার্লস গাইডরা হবে গ্রীন বাংলাদেশের অ্যাম্বাসেডর।
জেলা প্রশাসক বলেন, ‘প্রতি বছরই এরকম জাতীয় গাইড ক্যাম্প হওয়ার কথা থাকলেও বিভিন্ন কারণে ও প্রতিকূল পরিবেশের জন্য সেটা হয়নি। আমরা সৌভাগ্যবান দীর্ঘ ১১ বছর পর এবার গাজীপুরে এই জাতীয় গাইড ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে।
গার্ল গাইডদের যারা নেতৃত্ব দিচ্ছেন সেই গাইডরা, আঞ্চলিক ও কেন্দ্রীয় কমিশনারবৃন্দ, মেয়েদের মায়েরা এসেছেন, শিক্ষকরা এসেছেন। আগামী ৭ দিন তারা বিভিন্ন বিষয়ে শিখবে।’
বাংলাদেশ গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশনের জাতীয় কমিশনার ও সাবেক গ্রেড-১ কর্মকর্তা কাজী জেবুন্নেছা বেগমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এম. রকিবুল হাসান। এছাড়াও অনুষ্ঠানে ডেপুটি জাতীয় কমিশনার প্রফেসর ড. ইয়াসমিন আহমেদ, জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, স্বাস্থ্য বিভাগ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
রাজধানীসহ দেশের ১০টি অঞ্চল থেকে প্রায় ৬০০ গাইড, গাইডার ও কমিশনার এই ক্যাম্পে অংশ নিচ্ছেন।
প্রকৃতির সঙ্গে মানিয়ে চলা, দলগত কাজ, নেতৃত্বের গুণাবলি অর্জন এবং সৃজনশীলতা বিকাশের মাধ্যমে কিশোরীদের আত্মবিশ্বাসী ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলাই এই ক্যাম্পের মূল লক্ষ্য।
বাংলাদেশ সময়: ১৭:১২:০০ ৯ বার পঠিত