
একই সাথে পাঁচটি ভিন্নধর্মী সিনেমা মুক্তি আর তৃতীয় সন্তানের মা হওয়ার প্রস্তুতি—সব মিলিয়ে ২০২৬ সালটি অস্কারজয়ী হলিউড অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ের ক্যারিয়ারের অন্যতম ব্যস্ত বছর হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। ব্যস্ততম এই বছর শেষে অবশেষে অভিনয় থেকে সাময়িক বিরতি নেওয়ার কথা জানিয়েছেন ৪৩ বছর বয়সী এই তারকা।
চলতি বছর হ্যাথাওয়ে অভিনীত পাঁচটি চলচ্চিত্র প্রেক্ষাগৃহে এসেছে। এপ্রিলে সাইকোলজিক্যাল ড্রামা ‘মাদার মেরি’ দিয়ে তার বছর শুরু হয়। মে মাসে মুক্তি পায় ২০০৬ সালের জনপ্রিয় ছবির সিক্যুয়েল ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা ২’। জুলাইয়ে ক্রিস্টোফার নোলানের তারকাখচিত ‘দ্য ওডিসি’, আগস্টে সাই-ফাই ছবি ‘দ্য এন্ড অফ ওক স্ট্রিট’ এবং অক্টোবরে মুক্তি পেয়েছে মনস্তাত্ত্বিক থ্রিলার ‘ভেরিটি’।
পরপর মুক্তির এই তালিকা দেখে হ্যাথাওয়ে নিজেও প্রথমে অবাক হয়েছিলেন। তিনি জানান, একই বছরে এতগুলো ছবি প্রেক্ষাগৃহে আসার বিষয়টি তার জন্য বেশ বিস্ময়কর ছিল। ব্যস্ত কাজের তালিকার মাঝেই জুন মাসে স্বামী অ্যাডাম শুলম্যানের সাথে তাদের তৃতীয় সন্তান আগমনের ঘোষণা দেন এই অভিনেত্রী। তবে গর্ভাবস্থাতেও প্রতিটি ছবির প্রচারণায় নিয়মিত অংশ নিয়েছেন তিনি।
এই সময়ে তার পোশাক ও মাতৃত্বকালীন ফ্যাশন সামাজিক মাধ্যমে বেশ প্রশংসিত হয়। টানা এই কাজের পর আপাতত বিরতিতে যাচ্ছেন তিনি। ২ অক্টোবর ‘ভেরিটি’ মুক্তির পর এক ভিডিও বার্তার মাধ্যমে হ্যাথাওয়ে জানান, সন্তান জন্মদান ও পরিবারের সুবিধার্থে তিনি কিছুদিন গণমাধ্যমের আড়ালে থাকবেন।
ক্যারিয়ারের শুরুর দিকে নানা প্রশংসার পাশাপাশি তীব্র অনলাইন ট্রোলিংয়ের শিকার হতে হয়েছিল তাকে। বিশেষ করে ২০১১ সালে অস্কার উপস্থাপনা এবং ২০১৩ সালে অস্কার জয়ের পর ইন্টারনেটজুড়ে ‘হ্যাথাহেট’ নামে এক ধরনের নেতিবাচক প্রচারণা তৈরি হয়, যা তার কাজ ও ক্যারিয়ারেও প্রভাব ফেলেছিল।
তবে সেসব সমালোচনা এড়িয়ে নিজের কাজে মন দিয়েছেন হ্যাথাওয়ে। ২০২৬ সালে এসে একই সাথে পেশাগত ও ব্যক্তিগত জীবনের ভারসাম্য বজায় রেখে তিনি প্রমাণ করেছেন, দর্শক ও প্রযোজকদের কাছে তার গ্রহণযোগ্যতা আগের মতোই অটুট রয়েছে।
বিরতি শেষে টম ক্রুজের সাথে ‘ডেজ অফ থান্ডার’-এর সিক্যুয়েল এবং ‘দ্য প্রিন্সেস ডায়েরিজ ৩’-সহ বেশ কয়েকটি নতুন প্রজেক্টে তাকে পুনরায় দেখা যাবে।
বাংলাদেশ সময়: ১৭:১৩:২২ ৫ বার পঠিত