![]()
শারদীয় দুর্গাপূজা কেন্দ্র করে গুজব, অপতথ্য, অপপ্রচার ও ছোট ঘটনাকে অতিরঞ্জিত করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে উৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ কাউকে দেওয়া যাবে না। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহবান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
সোমবার চট্টগ্রাম সার্কিট হাউজে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে জেলা প্রশাসনের আয়োজনে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বিষয়ক প্রস্তুতিমূলক সভায় জেলা প্রশাসক এ কথা বলেন।
তিনি বলেন, আমরা বিশ্বের কাছে দেখাতে চাই, এই দেশের প্রতিটি নাগরিক, প্রতিটি সম্প্রদায়, প্রতিটি জাতিগোষ্ঠী নিরাপদে বসবাস করে এবং নিরাপদে তাদের উৎসব পালন করে।
তিনি আরও বলেন, কোনো বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়লে পূজা উদযাপন পরিষদ ও সংশ্লিষ্ট সংগঠনগুলোকে দ্রুত প্রকৃত তথ্য তুলে ধরতে হবে। গুজব ও অপতথ্য শনাক্তে সাইবার ইউনিট কাজ করবে।
সভায় চট্টগ্রামের পুলিশ সুপার মো. মাসুদ আলম জানান, মহানগরের বাইরে চট্টগ্রাম জেলায় স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে ২ হাজার ২৮৭টি পূজামণ্ডপ রয়েছে। এর মধ্যে প্রায় ১ হাজার ৮০০টি মণ্ডপের প্রতিমা বিসর্জন দেওয়া হবে।
প্রতিমা তৈরি ও পরিবহন থেকে শুরু করে বিসর্জন পর্যন্ত প্রতিটি পর্যায়ে নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে সম্ভব হলে দিনের আলোয় প্রতিমা মণ্ডপে আনা এবং সূর্যাস্তের আগেই বিসর্জন শেষ করার পরামর্শ দেন জেলা প্রশাসক।
সভায় জেলা পুলিশ সুপার (এসপি) মো. মাসুদ আলম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সৈয়দ মাহবুবুল হকসহ জেলা প্রশাসন এবং পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর ও সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২৩:১০:০৭ ৮ বার পঠিত