
দেশের নতুন প্রজন্মের মডেলদের নিয়ে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো আলোচিত মডেল হান্ট প্রতিযোগিতা বসুন্ধরা টিস্যু নিবেদিত ‘ ফেস অব বাংলাদেশ ২০২৬ ’ -এর গ্র্যান্ড ফিনালে। চূড়ান্ত পর্বে নারী ও পুরুষ বিভাগে বিজয়ী হয়েছেন আফসানা সুলতানা ও আদিত সারজিল কোরেশী।
আগামী ৬ থেকে ২৬ নভেম্বর দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠেয়
ফেস অব এশিয়া
প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন তাঁরা।
প্রতিযোগিতায় নারী ও পুরুষ বিভাগে ফার্স্ট রানার আপ হয়েছেন যথাক্রমে সাদিয়া হোসাইন অর্পিতা ও এস কে আব্দুল্লাহ অরিন। সেকেন্ড রানার আপ হয়েছেন ফেরদৌসী তানভীর ইচ্ছা ও রাকিবুল হাফিজ ইফতি।
গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় আয়োজিত গালা অনুষ্ঠানে নারী ও পুরুষ বিভাগে বিজয়ীদের মাথায় ওঠে সেরার মুকুট।
এশিয়া মডেল ফেস্টিভালের অংশ হিসেবে আয়োজিত এবারের
ফেস অব বাংলাদেশ
-এ সারা দেশ থেকে পাঁচ শতাধিক তরুণ-তরুণী অংশ নিতে আবেদন করেন।
প্রাথমিক বাছাই শেষে নারী ও পুরুষ বিভাগে সেরা ১০ জন করে মোট ২০ জনকে নিয়ে শুরু হয় মূল প্রতিযোগিতা। বিভিন্ন ধাপের টাস্ক, চ্যালেঞ্জ ও মূল্যায়নের মধ্য দিয়ে প্রতিযোগীদের উপস্থিতি, আত্মবিশ্বাস, যোগাযোগ দক্ষতা, ব্যক্তিত্ব ও বহুমুখী প্রতিভা যাচাই করা হয়। ধারাবাহিক এই প্রক্রিয়া শেষে গ্র্যান্ড ফিনালের জন্য নির্বাচিত হন পাঁচ নারী, পাঁচ পুরুষসহ মোট ১০ প্রতিযোগী।
গ্র্যান্ড ফিনালে প্রতিযোগীদের মূল্যায়ন করে বিভিন্ন অঙ্গনের অভিজ্ঞ ও বিশিষ্ট ব্যক্তিত্বদের নিয়ে গঠিত বিচারক প্যানেল। বিচারকদের মধ্যে ছিলেন পারসোনার বিউটি এক্সপার্ট কানিজ আলমাস খান, ফটোগ্রাফার রফিকুল ইসলাম রাফ, ডার্মাটোলজিস্ট, হোলিস্টিক ওয়েলনেস ও রিজেনারেটিভ অ্যাস্থেটিক কনসালট্যান্ট ডা. তাওহিদা রহমান ইরিন, জুরহেমের ক্রিয়েটিভ ডিরেক্টর মেহরুজ মুনির, মডেল ও অভিনেত্রী মুমতাহিনা টয়া এবং মিডিয়া ব্যক্তিত্ব ও এএমটিসির প্রতিষ্ঠাতা আজরা মাহমুদ।
‘ ফেস অব বাংলাদেশ ’ এমন একটি মডেল হান্ট প্রতিযোগিতা, যার মাধ্যমে দেশের সৌন্দর্য, সংস্কৃতি ও মূল্যবোধের প্রতিনিধিত্ব করতে সক্ষম তরুণ-তরুণীদের খুঁজে বের করা হয়। পাশাপাশি বাংলাদেশি মডেলদের বৈচিত্র্য ও প্রতিভা তুলে ধরা এবং মডেলিং ও বিনোদন শিল্পে তাঁদের এগিয়ে যাওয়ার জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করাও এ আয়োজনের লক্ষ্য।
পুরো মডেল হান্ট কার্যক্রম ও প্রতিযোগিতাটি দেশের শীর্ষস্থানীয় রানওয়ে ডিরেক্টর ও কোরিওগ্রাফার আজরা মাহমুদের প্রতিষ্ঠান আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্পের (এএমটিসি) তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচিত প্রতিযোগীদের মডেলিংয়ের বিভিন্ন ক্ষেত্রে নিবিড় প্রশিক্ষণও দিয়েছে প্রতিষ্ঠানটি।
এশিয়া মডেল ফেস্টিভালের অংশ হিসেবে আয়োজিত এবারের ‘ ফেস অব বাংলাদেশ ’ -এর দুই বিজয়ী দক্ষিণ কোরিয়ায় এশিয়ার প্রায় ৩০টি দেশের প্রতিনিধিদের সঙ্গে আন্তর্জাতিক মঞ্চে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
‘ ফেস অব বাংলাদেশ ২০২৬ ’ আয়োজনে সহযোগিতা করেছে বসুন্ধরা টিস্যু, বসুন্ধরা গোল্ড ’ স জিম, বসুন্ধরা হাউজিং, অ্যামাজন ক্যাফে, আপন ফ্যামিলি মার্ট, বসুন্ধরা সিটি, ক্যাপিটাল এন্টারটেইনমেন্ট, ক্যাপিটাল মাল্টিমিডিয়া, নিউজ ২৪, গণমাধ্যম, বাংলাদেশ প্রতিদিন, ডেইলি সান ও বাংলানিউজ২৪।
বাংলাদেশ সময়: ১৭:১৬:৩৮ ৭ বার পঠিত