
দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ৩০ বছরের মধ্যে বৃহত্তম বাণিজ্য প্রতিনিধিদল ভারতে পাঠাচ্ছে কানাডা। দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক পুনরুদ্ধার এবং বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্য প্রায় ৩০০ সদস্যের এই বিশাল প্রতিনিধি ভারতের উদ্দেশে রওনা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) থেকে ১৭ অক্টোবর পর্যন্ত মুম্বাই ও বেঙ্গালুরুতে বিভিন্ন বাণিজ্যিক কর্মসূচিতে অংশ নেবেন প্রতিনিধিরা।
ভারতের ফাইন্যান্সিয়াল এবং বিজনেস সংবাদমাধ্যম মানিকন্ট্রোলের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের শেষ নাগাদ একটি সমন্বিত অর্থনৈতিক অংশীদারি চুক্তির (সিইপিএ) আলোচনা সমাপ্ত করার লক্ষ্যে ভারত ও কানাডা কাজ করে যাওয়ার প্রেক্ষাপটে এই সফরটি অনুষ্ঠিত হচ্ছে। সফরটিকে দুই দেশের বাণিজ্য ইতিহাসে একটি বড় ধরনের মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।
কানাডার আন্তর্জাতিক বাণিজ্যমন্ত্রী ভারতীয় বংশোদ্ভূত মানিন্দর সিধুর নেতৃত্বে এই প্রতিনিধিদলকে ‘টিম কানাডা ট্রেড মিশন’ নাম দেওয়া হয়েছে।
কানাডার গ্লোবাল অ্যাফেয়ার্স বিভাগ জানিয়েছে, ভারতীয় নীতিনির্ধারক, শিল্পক্ষেত্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এবং সম্ভাব্য ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে বৈঠক করবেন প্রতিনিধিরা। এর মাধ্যমে নতুন বাণিজ্যিক অংশীদারি গড়ে তোলা এবং কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর লক্ষ্য নেওয়া হয়েছে।
মানিন্দর সিধু জানিয়েছেন, মহাকাশ ও বিমান পরিবহণ, কৃষি ও খাদ্য প্রক্রিয়াকরণ, পরিচ্ছন্ন প্রযুক্তি, জ্বালানি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং জীবনবিজ্ঞানের মতো ক্ষেত্রে কানাডার দক্ষতাকে ভারতের ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে যুক্ত করতে চায় তাঁর দেশ। ২০৩০ সালের মধ্যে ভারত-কানাডা দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ৭০ বিলিয়ন কানাডিয়ান ডলারে নিয়ে যাওয়ার লক্ষ্য রয়েছে বলেও জানান তিনি।
গত ৫ থেকে ৯ অক্টোবর অটোয়ায় ভারত-কানাডা সমন্বিত অর্থনৈতিক অংশীদারি চুক্তি (সিইপিএ) নিয়ে পঞ্চম দফার আলোচনা হয়েছে। তবে ওই বৈঠকের ফলাফল সম্পর্কে দুই দেশের কোনো সরকারই এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। এর আগে ১ অক্টোবর মিলওয়াকিতে জি২০ বাণিজ্যমন্ত্রীদের বৈঠকের ফাঁকে ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গয়ালের সঙ্গে আলোচনা করেন সিধু।
কানাডার সরকারি তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দুই দেশের মধ্যে পণ্য ও পরিষেবার দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ছিল ৩০.৪ বিলিয়ন কানাডিয়ান ডলার। ওই বছর ভারতে কানাডার পণ্য রপ্তানির পরিমাণ ছিল ৩.৯ বিলিয়ন ডলার এবং ভারত থেকে কানাডায় পণ্য আমদানির পরিমাণ ছিল ৯.৭ বিলিয়ন ডলার।
ভারতে কানাডার প্রত্যক্ষ বিনিয়োগের পরিমাণ ছিল ১১.৪ বিলিয়ন ডলার। অন্যদিকে, কানাডায় ভারতের প্রত্যক্ষ বিনিয়োগ ছিল ৯.৭ বিলিয়ন ডলার।
২০২৩ সালে দুই দেশের সম্পর্কের অবনতির পর প্রধানমন্ত্রী মার্ক কার্নি এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরুদ্ধারের প্রক্রিয়া শুরু হয়। বর্তমানে কানাডা আমেরিকার বাইরে অন্যান্য বাজারে রপ্তানি বাড়ানোর পরিকল্পনা নিয়েছে।
অন্যদিকে, ভারতও আমেরিকাসহ একাধিক দেশের সঙ্গে বাণিজ্যচুক্তি নিয়ে আলোচনা চালাচ্ছে। এই পরিস্থিতিতে কানাডার নতুন বাণিজ্য উদ্যোগ দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৬:২৪:৩৫ ৫ বার পঠিত