
আগামী ছয় মাসে বিশ্বের ১৬টি সংকটপূর্ণ অঞ্চলে ক্ষুধা পরিস্থিতির আরো অবনতি হতে পারে। এর মধ্যে আফ্রিকার কয়েকটি এলাকায় দুর্ভিক্ষ দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের দুটি সংস্থা। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
শুক্রবার জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এবং বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) এ সতর্কবার্তা দিয়েছে। সংস্থা দুটি জানিয়েছে, সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে সুদান, দক্ষিণ সুদান, সোমালিয়া, উত্তর নাইজেরিয়া ও ইয়েমেন। সংঘাত, বাস্তুচ্যুতি, অর্থনৈতিক সংকট এবং চরম আবহাওয়ার কারণে এসব অঞ্চলে ক্ষুধার প্রকোপ বাড়ছে।
গত জুনে প্রকাশিত আগের প্রতিবেদনে ক্ষুধার ঝুঁকিতে থাকা অঞ্চলের সংখ্যা ছিল ১৩। এবার সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬-তে। নতুন করে তালিকায় যুক্ত হয়েছে চাদ, উগান্ডা, দক্ষিণ আফ্রিকার কয়েকটি এলাকা এবং মধ্য আমেরিকার কিছু অঞ্চল। অন্যদিকে, তালিকা থেকে বাদ পড়েছে লেবানন।
২০২৬ সালের ডিসেম্বর থেকে ২০২৭ সালের মে পর্যন্ত পরিস্থিতি পর্যালোচনা করে তৈরি যৌথ প্রতিবেদনে সংস্থা দুটি জানিয়েছে, মানবিক সহায়তার অর্থায়ন কমে যাওয়ায় বড় ধরনের খাদ্যসংকট প্রতিরোধের প্রচেষ্টা বাধাগ্রস্ত হচ্ছে।
এফএওর জরুরি পরিস্থিতি ও সংকট মোকাবিলাবিষয়ক দপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তা কনর এলিয়ট জানান, সবচেয়ে বেশি ক্ষুধার ঝুঁকিতে থাকা পাঁচটি দেশে ২০২২ থেকে ২০২৫ সালের মধ্যে সহায়তার পরিমাণ দুই-তৃতীয়াংশ কমেছে। তিনি বলেন, ‘আন্তর্জাতিক সহায়তার ক্ষেত্রে এটি বিশাল পরিবর্তন।’ তাঁর মতে, সহায়তা কমে যাওয়ায় সংকটের প্রকৃত চিত্র বুঝতে প্রয়োজনীয় তথ্য সংগ্রহের কাজও বাধাগ্রস্ত হচ্ছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ১৬টি সংকটপূর্ণ অঞ্চলের মধ্যে ১২টিতে সশস্ত্র সংঘাত ও সহিংসতার কারণে ক্ষুধা পরিস্থিতির অবনতি ঘটছে। পাশাপাশি খাদ্য, জ্বালানি ও পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের জন্য খাবার সংগ্রহ করা কঠিন হয়ে পড়েছে।
এফএও ও ডব্লিউএফপি জানিয়েছে, এল নিনোর প্রভাবে পরিস্থিতি আরো অবনতির আশঙ্কা রয়েছে। এর ফলে দক্ষিণ আফ্রিকা ও মধ্য আমেরিকার কয়েকটি এলাকায় খরা ও তীব্র তাপপ্রবাহ দেখা দিতে পারে। অন্যদিকে, পূর্ব আফ্রিকার কিছু এলাকায় ভয়াবহ বন্যার আশঙ্কা করা হচ্ছে।
কনর এলিয়ট বলেন, ‘এবার এল নিনোর প্রভাব খুব, খুব শক্তিশালী হবে।’ তিনি সতর্ক করে বলেন, আগামী কয়েক মাসে কোনো কোনো এলাকায় খরার পরপরই ভারী বৃষ্টিপাত হতে পারে।
সুদানের উত্তর দারফুর ও দক্ষিণ কর্দোফানের ১৩টি এলাকায় ২০২৭ সালের জানুয়ারি পর্যন্ত দুর্ভিক্ষের ঝুঁকি রয়েছে। সেখানে সংঘাতের কারণে খাদ্য উৎপাদন, বাজারব্যবস্থা ও ত্রাণ সরবরাহ ব্যাহত হচ্ছে। সোমালিয়ার বাইদোয়া অঞ্চলে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত মানুষ এবং দক্ষিণ সুদানের কয়েকটি এলাকাও দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে। দক্ষিণ সুদানে সহিংসতা বেড়ে যাওয়ায় আগে থেকেই মানবিক সংকটে থাকা মানুষের দুর্ভোগ আরো বাড়ছে।
এ ছাড়া আফগানিস্তান, হাইতি, কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র এবং ফিলিস্তিনের গাজাকেও অত্যন্ত ঝুঁকিপূর্ণ এলাকার তালিকায় রাখা হয়েছে। ২০২৫ সালের অক্টোবরের যুদ্ধবিরতির পর গাজায় খাদ্য পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। এ কারণে অঞ্চলটিকে উদ্বেগের সর্বোচ্চ স্তর থেকে এক ধাপ নিচে নামানো হয়েছে। তবে জাতিসংঘের সংস্থা দুটি সতর্ক করেছে, গাজার পরিস্থিতি এখনো ভয়াবহ এবং যেকোনো সময় আবার অবনতির দিকে যেতে পারে।
বাংলাদেশ সময়: ১৬:৩৬:৪২ ৩ বার পঠিত #এফএও ও ডব্লিউএফপি #জাতিসংঘ #দুর্ভিক্ষের ঝুঁকি #বিশ্ব খাদ্য সংকট