শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণ, দগ্ধ দুই শ্রমিক; মালিক আটক

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণ, দগ্ধ দুই শ্রমিক; মালিক আটক
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬



ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণ, দগ্ধ দুই শ্রমিক; মালিক আটক

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ডাইং কারখানায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় দুই শ্রমিক গুরুতর দগ্ধ হয়েছেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কারখানার মালিক আব্দুল বাসেত রতনকে আটক করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার রাত ২টার দিকে ফতুল্লার ইসদাইর এলাকার ‘রতন ডাইং’ কারখানায় এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধ শ্রমিকদের রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাঁরা হলেন পাশা (৪০) ও রঞ্জিত (৪৫)।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, রাত ২টার দিকে রতনের মালিকানাধীন কারখানাটিতে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের শব্দ শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে যান। পরে তাঁরা দুই শ্রমিককে দগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠান।

ফতুল্লা থানার ডিউটি অফিসার উপপরিদর্শক আবু রায়হান নূর জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কারখানার মালিক আব্দুল বাসেত রতনকে আটক করা হয়েছে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার গণমাধ্যমকে বলেন, দগ্ধ অবস্থায় দুই শ্রমিককে ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।

তিনি জানান, তাঁদের মধ্যে পাশার শরীরের ৮৭ শতাংশ এবং রঞ্জিতের শরীরের ৫২ শতাংশ পুড়ে গেছে। দুজনেরই শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. আব্দুল্লাহ্ আল আরেফীন গণমাধ্যমকে বলেন, বিস্ফোরণের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল কারখানাটি পরিদর্শন করেছে। পূর্ণাঙ্গ তদন্তের পর এ ঘটনার বিস্তারিত জানানো হবে।

বাংলাদেশ সময়: ১৭:৩৫:৫৯   ৬ বার পঠিত   #  #  #