
সুবর্ণজয়ন্তী ও কঠিন চীবর দানোৎসব উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম তীর্থস্থান রাজবন বিহার পরিদর্শন করেছেন সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. একরামুল রাহাত, পিএসসি।
আজ শুক্রবার সকালে তিনি রাজবন বিহার প্রাঙ্গণ পরিদর্শন করেন। এ সময় সদর জোনের পক্ষ থেকে বিহারের আবাসিক প্রধান শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাস্থবিরের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন। পাশাপাশি উপস্থিত পুণ্যার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি।
এ সময় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপু, পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব, পিপিএম এবং রাজবন বিহার পরিচালনা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রাজবন বিহার পরিদর্শন শেষে জোন কমান্ডার জানান, রাঙামাটি সদর জোন ধর্ম-বর্ণ নির্বিশেষে পার্বত্য অঞ্চলের সব মানুষের কল্যাণ ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা কাজ করে যাচ্ছে।
তিনি আরও জানান, রাজবন বিহারের ঐতিহ্যবাহী কঠিন চীবর দানোৎসব শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সদর জোনের পক্ষ থেকে সার্বক্ষণিক নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।
জোন কমান্ডারের পরিদর্শনকালে কঠিন চীবর দানোৎসব ও সুবর্ণজয়ন্তী উৎসবে প্রায় ১০ থেকে ১২ হাজার বৌদ্ধ ধর্মাবলম্বী পুণ্যার্থীর সমাগম ঘটে। এ সময় পুরো বিহার এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল।
আজ সন্ধ্যায় রাজবন বিহারে ফানুস উড়ানোর মধ্য দিয়ে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম বৃহত্তম ধর্মীয় অনুষ্ঠান কঠিন চীবর দানোৎসবের সমাপ্তি ঘটবে।
বাংলাদেশ সময়: ১৭:৩৭:১২ ৪ বার পঠিত #একরামুল রাহাত #কঠিন চীবর দানোৎসব #রাঙামাটি সদর জোন #রাজবন বিহার