তথ্য মন্ত্রণালয়ের ১৫ প্রতিষ্ঠান শক্তিশালী করতে সংসদীয় সাব কমিটি গঠনের সিদ্ধান্ত

প্রথম পাতা » ছবি গ্যালারী » তথ্য মন্ত্রণালয়ের ১৫ প্রতিষ্ঠান শক্তিশালী করতে সংসদীয় সাব কমিটি গঠনের সিদ্ধান্ত
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬



---

ত্রয়োদশ জাতীয় সংসদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়েছে। কমিটির সভাপতি ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমানউল্লাহ আমান, এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে মন্ত্রণালয়ের অধীন ১৫টি প্রতিষ্ঠানকে গণমুখী ও শক্তিশালী করা এবং একীভূত তথ্য ক্যাডার গঠনের বিষয়ে উচ্চপর্যায়ের সংসদীয় সাব কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে দেশের বর্তমান পরিস্থিতি, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত গণতন্ত্র রক্ষার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় বলা হয়, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ যখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তখন একটি মহল ষড়যন্ত্রের মাধ্যমে দেশে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়। দেশ নিয়ে কাউকে আর ছিনিমিনি খেলতে দেওয়া যাবে না বলেও উল্লেখ করা হয়। এ বিষয়ে সরকারি দল ও বিরোধী দল ঐকমত্য পোষণ করেছে।

সভায় বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)সহ মন্ত্রণালয়ের সব প্রতিষ্ঠানকে এ বিষয়ে জনমত গঠনে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

বৈঠকে বিগত স্বৈরাচারী ও ফ্যাসিবাদী শাসনামলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তর ও সংস্থায় পদোন্নতি থেকে বঞ্চিত এবং চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের তালিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ বিষয়ে পরবর্তী বৈঠকে একটি যাচাই-বাছাই কমিটি গঠনের প্রস্তাব করা হয়। ওই কমিটির মাধ্যমে সংগৃহীত তথ্য-উপাত্ত পর্যালোচনা করে পূর্ণাঙ্গ প্রতিবেদন উপস্থাপনের বিষয়েও মত প্রকাশ করা হয়। একই সঙ্গে পদোন্নতি থেকে বঞ্চিত করা ও চাকরিচ্যুতির পেছনে দায়ী নির্দেশদাতা এবং অতিউৎসাহী ব্যক্তিদের তালিকা প্রস্তুত ও প্রকাশের ওপর গুরুত্বারোপ করা হয়।

বিসিএস তথ্য সাধারণ ক্যাডার একীভূত করার বিষয়েও বৈঠকে আলোচনা হয়। এ ক্ষেত্রে সীমিতসংখ্যক জনবল দিয়ে অধিকতর কাজ সম্পাদন এবং সরকারি ব্যয় সাশ্রয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়।

বাংলাদেশ বেতারকে আরও জনপ্রিয় ও শ্রোতাদের কাছে গ্রহণযোগ্য করে তুলতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হয়। এ লক্ষ্যে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান, ১৯৯০ সালের গণ-অভ্যুত্থানের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভূমিকা এবং ২০২৪ সালের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের ইতিহাস বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনে যথাযথ গুরুত্বসহকারে তুলে ধরার বিষয়ে আলোচনা হয়।

এ ছাড়া আগামী ১৬ থেকে ২৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) এবং বাংলাদেশ বেতার পরিদর্শনের সুপারিশ করা হয়।

বৈঠকে কমিটির সদস্য ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী আন্দালিভ রহমান, এমপি; প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, এমপি; মো. আশরাফ উদ্দিন, এমপি; মো. মোস্তাফিজুর রহমান বাবুল, এমপি; মো. মজিবুর রহমান, এমপি; ফাহমিদা হক, এমপি; মো. শফিকুল ইসলাম, এমপি এবং মোসা. নাজমুন নাহার, এমপি অংশগ্রহণ করেন।

এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন অধিদপ্তরের মহাপরিচালক, সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রধান এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮:১৯:৪১   ৩ বার পঠিত   #  #  #  #







ছবি গ্যালারী’র আরও খবর


সদরপুরে উপজেলা প্রশাসন ভলিবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
সরকারি প্রতিশ্রুতি বাস্তবায়নে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যালোচনা
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কার্যক্রম পর্যবেক্ষণ করলেন দুই সংসদ সদস্য
পাকিস্তানের জাতীয় পরিষদ পরিদর্শন করেন স্পীকার
ফ্যাসিবাদ প্রতিরোধে সরকার ও বিরোধী দল ঐক্যবদ্ধ: হুইপ দুলু
তথ্য মন্ত্রণালয়ের ১৫ প্রতিষ্ঠান শক্তিশালী করতে সংসদীয় সাব কমিটি গঠনের সিদ্ধান্ত
অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশসেরা প্রতিনিধি হলেন মোস্তফা কামাল
কালকিনিতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, প্রধান অতিথি ইউএনও
ইনিংস ঘোষণা করে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাল দক্ষিণ আফ্রিকা
মিস ইউনিভার্সের ইতিহাসে প্রথমবার বিশ্বসুন্দরীর মুকুট জিতলেন মা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ