
জুলাই গণঅভ্যুত্থান কোনো আকস্মিক ঘটনা নয়; বরং বিগত ১৮ বছর ধরে চলা ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের চূড়ান্ত পরিণতি বলে মন্তব্য করেছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।
আজ শনিবার রাজধানীর শেরেবাংলা নগরে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে দুই দিনব্যাপী বিশেষ প্রদর্শনী ‘উইটনেসেস টু জুলাই ম্যাসাকার মেমোরিয়াল এক্সিবিশন ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
সংস্কৃতিমন্ত্রী বলেন, বিগত স্বৈরাচারী ফ্যাসিবাদী শক্তি প্রায় ১৮ বছর ধরে দেশে গুম, খুন, আয়নাঘর, ক্রসফায়ার ও নির্মম নির্যাতন চালিয়েছে। দেশের সব সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করার পাশাপাশি নির্বাচনী ব্যবস্থা নষ্ট করে বিনা ভোটে ও রাতের ভোটের মাধ্যমে জোরপূর্বক ক্ষমতায় টিকে ছিল তারা।
তিনি বলেন, কোটা সংস্কারের দাবিতে তরুণ শিক্ষার্থীদের হাত ধরে যে আন্দোলনের সূচনা হয়েছিল, পরবর্তী সময়ে তাতে রিকশাচালক, শ্রমিক ও মেহনতি মানুষসহ ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক ও সামাজিক শক্তি ঐক্যবদ্ধভাবে অংশ নেয়। নিরস্ত্র ছাত্র-জনতার ওপর যখন নির্বিচারে প্রাণঘাতী আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছে, হেলিকপ্টার থেকে গুলি চালিয়ে মানুষ হত্যা করা হয়েছে, তখনো ছাত্র-জনতা বুক পেতে আত্মাহুতি দিয়েছে।
অবশেষে ২০২৪ সালের ৫ আগস্ট দল-মত ও ধর্ম-বর্ণনির্বিশেষে কোটি মানুষ রাজপথে নেমে এলে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে এবং সরকারসংশ্লিষ্টরা পালিয়ে যায়।
শহীদ ও আহতদের আত্মত্যাগের কথা স্মরণ করে মন্ত্রী আরও বলেন, সরকারি রেকর্ড অনুযায়ী শহীদের সংখ্যা ৮৫৬ জন হলেও প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। এ ছাড়া ২০ হাজার মানুষ আহত হয়েছেন। তাঁদের অনেকে চোখ হারিয়েছেন, কেউ কেউ পঙ্গুত্ব বরণ করেছেন। শহীদ পরিবারের এই শোক গোটা জাতির শোক।
তিনি বলেন, জুলাই স্মৃতি জাদুঘরের মূল লক্ষ্য হলো শহীদ পরিবারের আত্মত্যাগ ও শোকের পাশাপাশি গণমানুষের লড়াইয়ের স্মৃতি যথাযথভাবে সংরক্ষণ করা।
জাদুঘরের কার্যক্রম তুলে ধরে মন্ত্রী জানান, ইতিমধ্যে প্রায় ১ হাজার ৮০০টি স্মারক সংগ্রহ করা হয়েছে। ভবিষ্যতে আরও যেসব স্মারক পাওয়া যাবে, সেগুলোও পর্যায়ক্রমে সংগ্রহ ও সংরক্ষণ করা হবে।
জাদুঘরের পরিসর আরও সম্প্রসারণ করে এসব স্মৃতিচিহ্ন একটি সুপরিসর স্থানে স্থায়ীভাবে প্রদর্শনের ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান তিনি। ভবিষ্যৎ প্রজন্ম যেন অভ্যুত্থানের প্রকৃত ইতিহাস ও শহীদদের আত্মত্যাগ সম্পর্কে জানতে পারে, সে লক্ষ্যেই সরকার এ উদ্যোগ নিয়েছে।
অনুষ্ঠানের শুরুতে জাদুঘরের কার্যক্রম ও প্রদর্শনীর পটভূমি তুলে ধরেন জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক এহসান মাহমুদ। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান এবং বিগত দেড় দশকের স্বৈরাচারের ইতিহাস সংরক্ষণ ও গবেষণার লক্ষ্যেই এ জাদুঘর প্রতিষ্ঠা করা হয়েছে। শহীদদের ব্যবহৃত স্মারক সংগ্রহের জন্য উন্মুক্ত আহ্বান জানানো হলে অনেক মানুষ জাদুঘর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। এখন পর্যন্ত ৫৯০ জন শহীদের স্মৃতিস্মারক জাদুঘরে সংরক্ষিত হয়েছে।
তিনি জানান, জাদুঘরের নিয়মিত গ্যালারিতে স্থানসংকুলান না হওয়ায় বর্তমানে ২০৫ জন শহীদের পাঁচ শতাধিক স্মারক স্থায়ীভাবে প্রদর্শন করা সম্ভব হচ্ছে। তবে জাদুঘরের সংগ্রহে প্রায় দেড় থেকে দুই হাজার স্মারক রয়েছে। এসব স্মৃতিচিহ্ন দেশবাসী ও শহীদ পরিবারের সদস্যদের দেখার সুযোগ করে দেওয়া এবং তাঁদের আত্মত্যাগের ইতিহাস স্মরণ করানোর তাগিদ থেকেই দেশের সর্ববৃহৎ এই বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। এ ছাড়া শহীদ পরিবারের সদস্যরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৬:৪৪:৩৬ ৩ বার পঠিত #জুলাই গণঅভ্যুত্থান #জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর #জুলাই স্মৃতি প্রদর্শনী #নিতাই রায় চৌধুরী