জাতীয় বিশ্ববিদ্যালয় সংস্কারে বাজেট বৃদ্ধি ও বিকেন্দ্রীকরণের উদ্যোগ

প্রথম পাতা » ছবি গ্যালারী » জাতীয় বিশ্ববিদ্যালয় সংস্কারে বাজেট বৃদ্ধি ও বিকেন্দ্রীকরণের উদ্যোগ
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬



জাতীয় বিশ্ববিদ্যালয় সংস্কারে বাজেট বৃদ্ধি ও বিকেন্দ্রীকরণের উদ্যোগ

তারুণ্যের ভাগ্য পরিবর্তনে জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রয়োজনীয় সংস্কার, বাজেট বৃদ্ধি ও বিকেন্দ্রীকরণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

আজ শনিবার সকালে রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর ‘অধ্যক্ষ সম্মিলন ২০২৬’-এ অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি এবং উচ্চশিক্ষার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এ সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মিলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বক্তব্যে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন এবং কলেজগুলোর অধ্যক্ষদের নানা বিষয়ে দিকনির্দেশনা দেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যক্ষ সেলিম ভূঁইয়া।

সম্মিলনে মাহদী আমিন বলেন, ‘প্রধানমন্ত্রীর শিক্ষা পরিকল্পনা ও নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আলোচনায় তিনি বলেছিলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে বিপুলসংখ্যক শিক্ষার্থী পড়াশোনা করে, এ প্রতিষ্ঠানে প্রয়োজনীয় সংস্কার আনতে পারলে বাংলাদেশের ভাগ্য পরিবর্তন করা সম্ভব। সেই আকাঙ্ক্ষা নিয়েই সরকারের দায়িত্ব গ্রহণের পর বিশ্ববিদ্যালয়টির বাজেট বাড়ানো হয়েছে, বিকেন্দ্রীকরণের পদক্ষেপ নেওয়া হয়েছে।’

তিনি জানান, প্রধানমন্ত্রীর রূপকল্প অনুযায়ী প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজানোর পরিকল্পনা বাস্তবায়নে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রশাসন কাজ করছে। দীর্ঘদিন তৃণমূলের রাজনীতির সঙ্গে যুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান এমন একটি বাংলাদেশ গড়তে চান, যেখানে প্রতিটি শিক্ষার্থীর স্বপ্ন ও আকাঙ্ক্ষা পূরণে রাষ্ট্র পাশে দাঁড়াবে।

সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়েছিল উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‘বেগম খালেদা জিয়া যে মানের জাতীয় বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে চেয়েছিলেন, আজ সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, তাইওয়ান কিংবা দক্ষিণ কোরিয়ার ন্যাশনাল ইউনিভার্সিটিতে তার প্রতিফলন দেখা যায়। কিন্তু বিগত ১৬ বছরে ভেঙে পড়া রাষ্ট্রকাঠামোতে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করা হয়েছিল, যার সবচেয়ে বড় আঘাত এসেছিল এই প্রতিষ্ঠানের ওপর।’

গত নয় মাসে তৃতীয় ভাষা শিক্ষা, কারিগরি দক্ষতা, আনন্দময় পাঠদান, ক্রীড়া ও সংস্কৃতি চর্চায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের নেওয়া বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন মাহদী আমিন। তিনি বলেন, ‘শিক্ষার মূল দুটি লক্ষ্য অর্জিত হলেই এসব উদ্যোগ সফল হবে। প্রথমত, শিক্ষার্থীদের সঠিক মূল্যবোধসম্পন্ন সুনাগরিক হিসেবে গড়ে তোলা। দ্বিতীয়ত, এমন দক্ষতা তৈরি করা যাতে তারা নিজেরাই কর্মসংস্থান সৃষ্টি ও উদ্যোক্তা হতে পারে।’

অধিভুক্ত কলেজগুলোর বিদ্যমান বৈষম্য দূর করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যেমন নামকরা কলেজ রয়েছে, তেমনি এমন কলেজও আছে যেখানে শিক্ষার্থী থাকলেও শিক্ষক নেই। অধিভুক্ত ২ হাজার ৩০০-এর বেশি প্রতিষ্ঠানে একটি অভিন্ন গুণগত মানদণ্ড নিশ্চিত করতে শিক্ষকদের প্রশিক্ষণ ও সক্ষমতা বাড়ানো হবে। পাশাপাশি ল্যাবরেটরি ও লাইব্রেরির যথাযথ ব্যবহার এবং শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে অধ্যক্ষদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।’

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শিক্ষা দর্শনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘জিয়াউর রহমান প্রত্যন্ত অঞ্চলেও মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার স্বপ্ন দেখেছিলেন। দেশের দুর্গম এলাকাগুলোতেও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলো আজ শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে। জনগণের বিপুল ম্যান্ডেট নিয়ে থাকা বর্তমান সরকার এই প্রতিষ্ঠানের সংস্কারের মাধ্যমে গণমানুষের শিক্ষাক্ষেত্রে ক্ষমতায়ন নিশ্চিত করবে।’

বিএনপি সরকারের কাছে জাতীয় বিশ্ববিদ্যালয় সবসময়ই বিশেষ আবেগ ও অনুভূতির জায়গা বলে মন্তব্য করেন মাহদী আমিন। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরেই এই বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়েছিল। আজ যে ইনডোর স্টেডিয়ামে সবাই সমবেত হয়েছেন, সেটিও তাঁর হাত ধরেই নির্মিত হয়েছে।

সম্মিলনে আরও বক্তব্য দেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আলী জিন্নাহ, ট্রেজারার প্রফেসর ড. মো. নাজমুল হোসেন, বগুড়া সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মাহফুজুল ইসলাম এবং লালমাটিয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ সুলতানা মাহমুদা ইয়াসমীন।

এ ছাড়া সম্মিলনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং সারা দেশের ২ হাজার ৩১৮টি কলেজের অধ্যক্ষরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:৫৪:১৬   ২ বার পঠিত   #  #  #







ছবি গ্যালারী’র আরও খবর


সদর উপজেলার ৭ ইউনিয়নে মশক নিধনে ফগার মেশিন ও ওষুধ বিতরণ
শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা বাস্তবায়নে শিক্ষকদের ভূমিকার ওপর জোর শিক্ষামন্ত্রীর
রপ্তানি আদেশ অন্য দেশে সরানোর প্রচারণা সঠিক নয়: রিজভী
জাতীয় বিশ্ববিদ্যালয় সংস্কারে বাজেট বৃদ্ধি ও বিকেন্দ্রীকরণের উদ্যোগ
তরুণদের সুস্থতা ও শৃঙ্খলাবোধ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ফকির মাহবুব আনাম
মেধাবীদের দক্ষ মানবসম্পদে রূপান্তরে এইচআর পেশাজীবীদের ভূমিকা চান জনপ্রশাসন উপদেষ্টা
কালকিনিতে ইউপি সদস্যের বাড়িতে হামলা ও লুটপাট
নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর তাগিদ, ৬ মাসে এলএনজিতে ভর্তুকি ৩৪ হাজার কোটি টাকা
দেশের ১,৪৯৮ পর্যটন স্থান নিয়ে মহাপরিকল্পনা চূড়ান্তের কাজ চলছে
ভূমি সেবায় হয়রানি বন্ধে প্রযুক্তিনির্ভর ব্যবস্থা চালুর তাগিদ ভূমিমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ