নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর তাগিদ, ৬ মাসে এলএনজিতে ভর্তুকি ৩৪ হাজার কোটি টাকা

প্রথম পাতা » কৃষি ও বাণিজ্য » নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর তাগিদ, ৬ মাসে এলএনজিতে ভর্তুকি ৩৪ হাজার কোটি টাকা
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬



নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর তাগিদ, ৬ মাসে এলএনজিতে ভর্তুকি ৩৪ হাজার কোটি টাকা

তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানিতে সরকারের আর্থিক চাপ ক্রমেই বাড়ছে। চলতি বছরের মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত মাত্র ছয় মাসে এ খাতে ৩৪ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হয়েছে সরকারকে।

এ পরিস্থিতিতে নতুন এলএনজি টার্মিনাল নির্মাণের পরিবর্তে নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণে বিনিয়োগ বাড়ানোর পরামর্শ দিয়েছেন জ্বালানি বিশেষজ্ঞরা। তাঁদের মতে, আমদানিনির্ভর জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে দেশীয় নবায়নযোগ্য জ্বালানির সক্ষমতা বাড়ানোই দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার কার্যকর পথ হতে পারে।

শনিবার (২৮ নভেম্বর) রাজধানীতে তিন দিনব্যাপী চতুর্থ বাংলাদেশ জ্বালানি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। ‘জ্বালানি নিরাপত্তায় নবায়নযোগ্য জ্বালানির কোনো বিকল্প নেই’ প্রতিপাদ্যে ২৮ থেকে ৩০ নভেম্বর এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, শুধু বিদ্যুৎ উৎপাদন বাড়ালেই জ্বালানিসংকটের সমাধান হবে না। উৎপাদন, সঞ্চালন ও বিতরণ—জ্বালানি ব্যবস্থার প্রতিটি পর্যায়েই দক্ষতা বাড়াতে হবে। এলএনজি আমদানিতে ভর্তুকি দিতে গিয়ে রাষ্ট্রের ওপর বিপুল আর্থিক চাপ সৃষ্টি হচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় আমদানিনির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির সক্ষমতা বাড়ানো জরুরি।

তিনি বলেন, ২০৩০ সালের মধ্যে বিদ্যুৎ উৎপাদনে নবায়নযোগ্য জ্বালানির অংশ ২০ শতাংশ এবং ২০৪০ সালের মধ্যে ৩০ শতাংশে উন্নীত করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। এ জন্য এক হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এই অর্থায়নের আওতায় গ্রামের মানুষ ৬ শতাংশ সুদে ১২ বছরে পরিশোধযোগ্য ঋণ নিয়ে সৌরবিদ্যুৎ স্থাপনের সুযোগ পাবেন। সরকারি ও বাণিজ্যিক ভবনের ছাদ থেকে শুরু করে উপযুক্ত কৃষিজমিতেও সৌরবিদ্যুৎ সম্প্রসারণের সুযোগ রয়েছে। নবায়নযোগ্য জ্বালানিকে জাতীয় জ্বালানিব্যবস্থার মূল ধারায় নিয়ে আসতে হবে।

স্বাগত বক্তব্যে বাংলাদেশের প্রতিবেশ ও উন্নয়ন বিষয়ক কর্মজোটের (বিডব্লিউজিইডি) সদস্যসচিব হাসান মেহেদী বলেন, দেশে নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনা বর্তমান নীতিতে নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়েও অনেক বেশি। এ সম্ভাবনাকে কাজে লাগাতে বড় বড় বিদ্যুৎকেন্দ্রের ওপর নির্ভরতা কমিয়ে সাধারণ মানুষকে বিদ্যুৎ উৎপাদনে যুক্ত করতে হবে।

তিনি বলেন, সুন্দরবনের হিরণ পয়েন্ট ও মোংলার মতো পরিবেশগতভাবে সংবেদনশীল এলাকায় নতুন করে পাঁচটি এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনা করছে সরকার। এ ধরনের পরিকল্পনা গ্রহণযোগ্য নয়। এক কার্গো এলএনজি আমদানিতে যে বিপুল অর্থ ব্যয় হয়, তা নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ করা গেলে দেশে দীর্ঘমেয়াদি সুফল পাওয়া সম্ভব। বিদ্যুতের চাহিদা মেটাতে নতুন করে জীবাশ্ম জ্বালানির আমদানি বাড়ানোর পরিবর্তে দেশীয় নবায়নযোগ্য জ্বালানির সক্ষমতা বৃদ্ধি করা জরুরি।

হাসান মেহেদী আরও বলেন, নবায়নযোগ্য জ্বালানির প্রসারে সাধারণ মানুষকে বিদ্যুৎ উৎপাদন ও ব্যবস্থাপনার সঙ্গে সম্পৃক্ত করতে হবে। বিকেন্দ্রীভূত ও জনগণের মালিকানাভিত্তিক বিদ্যুৎব্যবস্থা গড়ে তোলা গেলে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বিদ্যুৎ খাতে মানুষের অংশগ্রহণও বাড়বে।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, দেশীয় ও আন্তর্জাতিক লবির প্রভাবে জীবাশ্ম জ্বালানি দেশের জ্বালানি খাতে কাঠামোগত ও প্রাতিষ্ঠানিক আধিপত্য প্রতিষ্ঠা করেছে। এ আধিপত্য ভাঙতে হলে নবায়নযোগ্য জ্বালানিকে শুধু বিকল্প হিসেবে দেখলে চলবে না; বরং জাতীয় জ্বালানিব্যবস্থার অগ্রাধিকার হিসেবে প্রতিষ্ঠা করতে হবে।

সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে আরও বক্তব্য দেন লইয়ার্স ফর এনার্জি, এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্টের (লিড) প্রধান নির্বাহী আবদুল্লাহ আল নোমান, এথিক্যাল ট্রেডিং ইনিশিয়েটিভ বাংলাদেশের নির্বাহী পরিচালক আবিল বিন আমিন, সেন্টার ফর রিনিউএবল এনার্জি সার্ভিসেস লিমিটেডের চেয়ারম্যান শাহরিয়ার আহমেদ চৌধুরী, সেফটি অ্যান্ড রাইটস সোসাইটির নির্বাহী পরিচালক সেকেন্দার আলী মীনা, সিটি ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান অর্থনীতিবিদ আশানুর রহমান এবং বাংলাদেশ সাসটেইনেবল অ্যান্ড রিনিউএবল এনার্জি অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা আল মাহমুদ। অধিবেশনে সভাপতিত্ব করেন বিডব্লিউজিইডির আহ্বায়ক ড. কাজী মারুফুল ইসলাম।

তিন দিনব্যাপী এ সম্মেলনে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের সাড়ে তিন শতাধিক অংশীজন অংশ নিচ্ছেন। তাঁদের মধ্যে রয়েছেন নীতিনির্ধারক, সরকারি ও নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধি, আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধি, বিনিয়োগকারী, নবায়নযোগ্য জ্বালানি উদ্যোক্তা, গবেষক, শিক্ষাবিদ, গণমাধ্যমকর্মী, নাগরিক সমাজের সদস্য এবং তরুণ প্রতিনিধিরা।

সম্মেলনের ১৩টি বিষয়ভিত্তিক অধিবেশনে জ্বালানি নীতি ও প্রাতিষ্ঠানিক সংস্কার, এলএনজি ও কয়লাভিত্তিক জ্বালানি সম্প্রসারণের ঝুঁকি, জ্বালানি রূপান্তরে অর্থায়ন, আঞ্চলিক সহযোগিতা, শিল্প খাতের কার্বন নিঃসরণ হ্রাস এবং বহুপক্ষীয় উন্নয়ন ব্যাংকের ভূমিকা নিয়ে আলোচনা হবে। পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির প্রসারে স্থানীয় সরকারের ভূমিকা, জ্বালানি ন্যায়বিচারে গণমাধ্যমের ভূমিকা, তরুণদের কর্মসংস্থান এবং শ্রমিক, আদিবাসী ও নারীদের অংশগ্রহণের বিষয়গুলোও গুরুত্ব পাবে।

২০২৩ সালের এপ্রিলে প্রথম বাংলাদেশ জ্বালানি সম্মেলন অনুষ্ঠিত হয়। এর ধারাবাহিকতায় ২০২৪ ও ২০২৫ সালে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় সম্মেলন আয়োজন করা হয়। বিডব্লিউজিইডির উদ্যোগে দেশের ১৪টি সংগঠনের সহযোগিতায় এবারের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনের আলোচনা ও সুপারিশের ভিত্তিতে শেষ দিনে একটি ঘোষণাপত্র প্রকাশের পরিকল্পনা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:৫০:০৬   ৩ বার পঠিত   #  #  #  #







কৃষি ও বাণিজ্য’র আরও খবর


নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর তাগিদ, ৬ মাসে এলএনজিতে ভর্তুকি ৩৪ হাজার কোটি টাকা
চামড়া শিল্পের সংকট মোকাবিলায় ১৩ দফা প্রস্তাব এলএফবির
বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশে চীনা বিনিয়োগ ও কারখানা স্থাপনের আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার
করাচির আন্তর্জাতিক খাদ্য ও কৃষি প্রদর্শনীতে বাংলাদেশের পণ্যের অংশগ্রহণ
শতভাগ দেশীয় পণ্য নিয়ে কাল শুরু হচ্ছে ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা : শিল্পমন্ত্রী
সাত দফা কমার পর দেশের বাজারে আজ যে দামে মিলছে সোনা
রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী
ব্যবসা সহজীকরণ ও রপ্তানি বহুমুখীকরণে বিশ্বব্যাংকের সহায়তা চাইল বাংলাদেশ
আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে কমপ্লায়েন্স নিশ্চিত করতে হবে: বাণিজ্যমন্ত্রী
ওমান এবং মালয়েশিয়া থেকে এলএনজি আমদানির প্রস্তাব অনুমোদন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ